শহরবুকে টেম্পোস্ট্যান্ড ভোগান্তিতে জনগণ
‘হারা দিন এগুলার ঘটঘটানিতে (শব্দে) কান দুইডা ঝালাপালা। সুস্থে কোনো কাম করা যায় না।’ পিরোজপুর শহরের সোনালী ব্যাংকের সামনে থাকা টেম্পোস্ট্যান্ডের বিষয়ে কম্পিউটার টাইপের দোকানি জাকির খান এসব কথা বলেন। সরেজমিনে দেখা গেছে, শহরের পোস্ট অফিস সড়কের মুখে কেন্দ্রীয় জামে মসজিদ। এখান থেকে ২০ গজ দূরে সোনালী ব্যাংক। এ ব্যাংকের প্রধান ফটকের দুই পাশে দাঁড় করানো রয়েছে বেশ কয়েকটি টেম্পো। কিছুক্ষণ পর পর এগুলো লোক নিয়ে বিভিন্ন গন্তব্যে যাওয়া-আসা করছে। পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান বলেন, ‘পোস্ট অফিস সড়কের দুই পাশে (২০০ গজ দূরে) দুটি বিদ্যালয় (টাউন স্কুল ও সরকারি উচ্চবিদ্যালয়) রয়েছে। এ ছাড়া এর কিছু দূরে একটি বালিকা বিদ্যালয়, একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি কিন্ডার গার্টেন স্কুল রয়েছে। টেম্পোর বিকট শব্দে আমরা অতিষ্ঠ, এটা আমাদের মানসিক ভোগান্তি।’টেম্পোচালক কালাম ফকির জানান, প্রতিদিন এই সড়ক থেকে টেম্পোযাত্রী বোঝাই করে সদর উপজেলার হুলারহাট, কলাখালী; জিয়ানগর উপজেলার পাড়েরহাট ও চরখালী ফেরিঘাটে তারা যাওয়া-আসা করেন। সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ছাত্র অঙ্গন দাস বলে, ‘পোস্ট অফিস সড়ক দিয়ে চলার সময় টেম্পোর শব্দ থেকে রক্ষা পাওয়ার জন্য কান চেপে ধরে চলতে হয়। এ ছাড়া টেম্পোর বেপরোয়া চলাচলের কারণেও আমরা ভয়ে থাকি।’পিরোজপুর টেম্পোমালিক সূত্রে জানা গেছে, শহরে এক থেকে দেড় শ টেম্পো চলাচল করে। এই টেম্পোগুলোর নির্ধারিত কোনো স্ট্যান্ড নেই। টেম্পোর মালিক কবির বলেন, ‘নির্ধারিত স্ট্যান্ড না থাকায় সোনালী ব্যাংকের সামনে, পুরোনো বাসস্ট্যান্ড, শহরের সিও অফিস ও শিল্পকলা একাডেমীর কাছের এলাকাকে আমরা টেম্পোস্ট্যান্ড হিসেবে ব্যবহার করে আসছি।’নাম প্রকাশে অনিচ্ছুক পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের একজন মুসল্লি জানান, নামাজের সময় টেম্পোর শব্দে আমাদের কষ্ট হয়। সোনালী ব্যাংকের সামনে থেকে টেম্পোস্ট্যান্ডটি স্থানান্তর করার দাবি জানানো হয়েছে পৌর কর্তৃপক্ষের কাছে; কিন্তু কোনো কাজ হয়নি। শহর এলাকার পৌর কাউন্সিলর আ. সালাম বাতেন বলেন, ‘টেম্পোর শব্দে বড় মসজিদে নামাজ পড়তে আসা লোকজনের কষ্ট এবং স্কুলগামী শিক্ষার্থীদের কষ্টের কথা বুঝি। ভালো জায়গা খোঁজা হচ্ছে, জায়গা পেলেই সোনালী ব্যাংকের সামনে থেকে টেম্পোস্ট্যান্ডটি সরিয়ে নেওয়া হবে।’