শহররক্ষা বাঁধের হার্ডপয়েন্টে ধস এখন নিয়ন্ত্রণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনের ব্যবধানে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের হার্ডপয়েন্টে ১৩০ মিটার গতকাল বৃহস্পতিবার আবারও ধসে পড়ে। তবে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হোসেন আজ শুক্রবার জানান, ভোরে পরিস্থিতি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে এসেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাত পৌনে ১১টার দিকে হার্ডপয়েন্টের আগের ধসে যাওয়া স্থান থেকে ২০০ ফুট উত্তরে গয়লা এলাকার শ্মশানঘাট-সংলগ্ন স্থানে আকস্মিক ধস শুরু হয়। কয়েক ঘণ্টার মধ্যে বাঁধের প্রায় ১৩০ মিটার এলাকা যমুনা নদীতে বিলীন হয়ে যায়। বাঁধে ধস নামার পর শত শত এলাকাবাসী নিজ উদ্যোগে সিসি ব্লক ও বালির বস্তা নিক্ষেপ করে তা ঠেকানোর চেষ্টা করে। এ সময় পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তা-কর্মচারীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তাঁরা আজ সকালে ঘটনাস্থলে আসেন।আজ ভোর থেকে সেনাবাহিনী হার্ডপয়েন্টের ধসে যাওয়া স্থানে সংস্কারকাজ শুরু করেছে। এ ছাড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও র্যাব হার্ডপয়েন্ট এলাকায় সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।ঘটনাস্থলে উপস্থিত সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন বলেন, ‘গতকাল বাঁধের তলদেশ থেকে বাঁশের খুঁটি ভেসে উঠতে থাকে। প্রয়োজনীয় জরিপের পর পানির মধ্যে সৃষ্ট গর্তে সিসি ব্লক ও বালির বস্তা ফেলা শুরু হয়। এর পরেও ধস দেখা দেয়। তবে ভোরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।’ভাঙন আতঙ্কে গতকাল রাত থেকেই বাঁধের পার্শ্ববর্তী এলাকার অনেক পরিবার নিরাপদ আশ্রয়ে সরে গেছে। এলাকাবাসী জানায়, ভাঙনের কারণে পুরো সিরাজগঞ্জ শহর এখন হুমকির মুখে পড়েছে।১৮ জুলাই রাতে হার্ডপয়েন্টের পুরাতন জেলখানাঘাট এলাকায় আকস্মিক ভাঙনে বাঁধের প্রায় ৭০ মিটার এলাকা ধসে যায়। এ ধসের ঘটনা তদন্তে ইতিমধ্যে দুটি কমিটি গঠন করা হয়েছে।