শহরে এখনো ছয় ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাহিদার তুলনায় বিদ্যুতের উৎপাদন ও সরবরাহ ঘাটতি কমলেও ঢাকাসহ দেশের প্রধান প্রধান শহরে এখনো প্রতিদিন গড়ে অন্তত পাঁচ ঘণ্টা ও সর্বোচ্চ ছয় ঘণ্টা করে লোডশেডিং হচ্ছে। গ্রামাঞ্চলে লোডশেডিং আরও কিছুটা বেশি হচ্ছে। তবে উভয় ক্ষেত্রেই তা কিছুদিন আগের তুলনায় অনেক কম। তবে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সূত্রে জানা গেছে, গত দু-এক দিনে বিদ্যুতের ঘাটতি ও লোডশেডিং চলতি সপ্তাহের শুরুর সময় থেকে বেড়েছে। গতকাল বৃহস্পতিবার দিনের বেলায় গুলশানসহ রাজধানীর অনেক এলাকায় চারবার লোডশেডিং হয়েছে বলে জানা গেছে।বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র জানায়, বর্তমানে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা পাঁচ হাজার ১০০ মেগাওয়াটের মতো। এ সপ্তাহের শুরুতে সর্বোচ্চ উৎপাদন হচ্ছিল চার হাজার ৩০০ থেকে চার হাজার ৪০০ মেগাওয়াট। সার কারখানা বন্ধ করার ফলে বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস পাওয়া যাচ্ছিল প্রতিদিন ৮৭ থেকে ৯০ কোটি ঘনফুট। ফলে বিদ্যুতের উৎপাদন বেড়েছিল। এ ছাড়া সেচের জন্য বাড়তি বিদ্যুৎ দিতে না হওয়ায় লোডশেডিং ৬০০ মেগাওয়াটে নেমে এসেছিল, যা সরকারি হিসাবেই প্রায় এক হাজার ২০০ মেগাওয়াট।কিন্তু গত দুই দিনে আবার পরিস্থিতির একটু অবনতি হয়েছে। বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ কিছুটা কমে ৮৪-৮৫ কোটি ঘনফুটে নেমে এসেছে। কয়েকটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট মেরামত-সংরক্ষণে রয়েছে। এসব কারণে গতকাল দেশে বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল তিন হাজার ৯৭৫ মেগাওয়াট। সর্বোচ্চ চাহিদার তুলনায় ঘাটতি ছিল প্রায় এক হাজার ১০০ মেগাওয়াট। রাজধানীর বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক আতাউল মাসুদ প্রথম আলোকে বলেন, কিছুদিন আগে ভরা সেচ মৌসুমে ডিপিডিসি এলাকার জন্য যে বিদ্যুৎ পাওয়া যেত, তাতে দিনের প্রায় ৪৫ শতাংশ সময় লোডশেডিং করতে হতো। এখন লোডশেডিং ২০ শতাংশে নেমে এসেছে।রাজধানীর আরেক অংশে বিদ্যুৎ বিতরণের দায়িত্বে নিয়োজিত ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডেসকো) ব্যবস্থাপনা পরিচালক সালেহ আহমেদ বলেন, ‘আমরা আগের চেয়ে বিদ্যুৎ কিছুটা বেশি পাচ্ছি। আগে আট থেকে ১০ বার লোডশেডিং করতে হতো। এখন পাঁচ-ছয় বারে নেমে এসেছে।’ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) সংশ্লিষ্ট সূত্র জানায়, তাদের সমিতিভুক্ত এলাকায় এখন দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকছে। গড়ে আট ঘণ্টার মতো লোডশেডিং করতে হচ্ছে।পিডিবি সূত্র জানায়, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে হরিপুর ৩৬০ মেগাওয়াট কেন্দ্রের বন্ধ থাকা ১২৫ মেগাওয়াটের ইউনিট এবং মেরামত-সংরক্ষণে থাকা আরও কয়েকটি ইউনিট চালু হবে। এতে উৎপাদন বাড়বে প্রায় ২০০ মেগাওয়াট। ফলে আগামী সপ্তাহে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে।