শহরে ছাত্রলীগের বাস ভাঙচুর, মালিকদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ ও হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র মো. আসাদুজ্জামান হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত ছাত্রলীগের কর্মীরা গতকাল সোমবার শহরে ছয়টি যাত্রীবাহী বাস ভাঙচুর করেছেন। এতে বাসের চালক, সহকারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার দুই কর্মীকে গ্রেপ্তার করেছে। ছাত্রলীগের আন্দোলন অব্যাহত থাকায় গতকালও বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস-পরীক্ষা হয়নি।পুলিশ সূত্র জানায়, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা দুই ছাত্র হলেন সমাজবিজ্ঞান প্রথম বর্ষের কাউছার ফেরদৌস ও পরিসংখ্যান তৃতীয় বর্ষের শহীদুল ইসলাম। গতকাল দুপুরে আদালতে সোপর্দ করে তাঁদের চট্টগ্রাম জেলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবজ্যোতি খীসা বলেন, দুই ছাত্র স্বীকার করেছেন, তাঁরা বাস ভাঙচুরে জড়িত ছিলেন। তাঁদের বিরুদ্ধে বাসমালিক পক্ষ মামলা করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্ররা নগরের মুরাদপুর মোড়, ষোলশহর শিক্ষা বোর্ড কার্যালয়, হামজারবাগ ও বিবিরহাট এলাকায় চলাচলকারী তরী পরিবহনের গাড়ি লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ জন্য তাঁরা আগে থেকে বড় বড় পাথর রাস্তায় জড়ো করে রাখেন। আন্দোলনকারীরা বিভিন্ন দলে ভাগ হয়ে এ হামলা চালান। হামলায় আহতদের মধ্যে চারজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তরী পরিবহন নামে পরিচিত বেসরকারি পরিবহনের এসব বাস নগরের নিউমার্কেট থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পর্যন্ত চলাচল করে।আন্দোলনরত ছাত্ররা গতকাল বিশ্ববিদ্যালয়গামী প্রথম শাটল ট্রেনটি চৌধুরীহাট রেলস্টেশনে প্রায় ১০ মিনিট আটকে রাখেন। এ সময় তাঁরা সেখানে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন। পুলিশি পাহারায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শাটল চালাচ্ছে। তবে ট্রেন ছিল প্রায় ফাঁকা। গত ১৬ মার্চ হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র আসাদ খুন হওয়ার পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ উপাচার্যের পদত্যাগ ও খুনিদের বিচারের দাবিতে ক্যাম্পাসে লাগাতার ধর্মঘটের ডাক দেয়। বাসমালিকদের অবরোধ: বাস ভাঙচুরের প্রতিবাদে তাৎক্ষণিক বাসমালিক ও চালকেরা মুরাদপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এলাকায় বেলা সাড়ে ১১টার দিকে এক পাশের সড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা ভাঙা দুটি বাস রাস্তায় আড়াআড়ি রেখে অবরোধ তৈরি করেন। মালিকেরা রাস্তায় শুয়ে ভাঙচুরের ঘটনার প্রতিবাদ জানান। এ সময় সড়কটির শুধু এক পাশ দিয়ে যানবাহন চলাচল করে। ফলে ওই এলাকায় তীব্র যানজট দেখা দেয়। একপর্যায়ে পুলিশ ও র‌্যাব গিয়ে তাঁদের বুঝিয়ে সরিয়ে দেয়। কিছুক্ষণ পর বাসমালিক ও শ্রমিকেরা সড়কের দুই পাশে অবরোধ সৃষ্টি করেন। এ অবস্থায় পুলিশ তাঁদের জোর করে রাস্তা থেকে সরিয়ে যানবাহন চলাচল সচল করে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মালিক সমিতির নেতারা। তাঁরা বিকেলে পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করে পুলিশি বাধার প্রতিবাদ জানান। পাশাপাশি তাঁরা সড়কে নিরাপত্তা দাবি করেন।