শহরে পোশাকশিল্পের কর্মজীবী মায়েদের জন্য ভাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহরের পোশাকশিল্পে কর্মজীবী মায়েদের জন্য ‘মাদার সহায়তা তহবিল’ নামে নতুন কর্মসূচি চালু করেছে সরকার। এ কর্মসূচির আওতায় যাঁদের মাসিক বেতন পাঁচ হাজার টাকার কম—এমন ৬৭ হাজার ৫০০ জন গর্ভবর্তী অথবা শিশুকে বুকের দুধ পান করানো মায়েদের প্রতিমাসে ৩৫০ টাকা করে দেওয়া হবে। ঢাকা, নারায়ণগঞ্জ, সাভার ও গাজীপুর এলাকায় তৈরি পোশাকশিল্পে নিয়োজিত নারীশ্রমিকেরা এ সুবিধা পাবেন।এ কর্মসূচির ব্যয় ধরা হয়েছে ৩০ কোটি টাকা, যা মন্ত্রণালয়ের বাজেট থেকে বরাদ্দ দেওয়া হবে। সুবিধাভোগীরা এই ভাতা পাবেন ২৪ মাস। পাশাপাশি তাঁরা পাবেন প্রজননস্বাস্থ্য, জেন্ডার, এইচআইভি/এইডসসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ।আজ রোববার রাজধানীর বিজিএমইএর মিলনায়তনে এই কর্মসূচির উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী।জানা গেছে, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মহিলাবিষয়ক অধিদপ্তর, বিজিএমইএ এবং বিকেএমইএর মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করবে।এ ছাড়া বিজিএমইএ এবং বিকেএমইএ প্রতিটি পোশাক-কারখানায় দিবাযত্ন কেন্দ্র স্থাপন করবে এবং প্রশিক্ষণ নেওয়ার জন্য শ্রমিকদের ছুটি দেওয়া হবে।প্রসঙ্গত, গ্রামের দরিদ্র মায়েরা আগে থেকেই মাতৃত্বকালীন ভাতা পেতেন। তাই শহরাঞ্চলের নিম্ন আয়ের মায়ের জীবনমান উন্নয়নে এই উদ্যোগ নেওয়া হয়েছে।