শহরে ফ্যাশন সপ্তাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিলনায়তন-ভর্তি দর্শক। সবার দৃষ্টি মঞ্চের দিকে। মিউজিকের তালে তালে মঞ্চে একে একে মডেলরা আসছেন। তাঁদের গায়ে বাহারি সব পোশাক। একেকজনের পোশাক একেক রকম। সবার সাজগোজেও আছে ভিন্নতা। ‘ঢাকা ফ্যাশন উইক’ নামে ফ্যাশন শোর এই আসর বসেছিল ঢাকা ওয়েস্টিন হোটেলে। হাল ফ্যাশনের নানা অনুষঙ্গে জমজমাট ছিল পুরো আয়োজন।ফ্যাশন শো এখন নগরের অন্যতম আয়োজনে পরিণত হয়েছে। নতুন কোনো পোশাক, গাড়ি, এমনকি নতুন কোনো মোবাইল ফোন-ল্যাপটপ বাজারে আনার ক্ষেত্রে আয়োজকেরা ঝুঁকছেন ফ্যাশন শোর দিকে। তবে নগরের অন্যতম প্রধান আয়োজন হচ্ছে ‘ঢাকা ফ্যাশন উইক’। এর প্রথম আসর বসে ২০০৮ সালে। যার ভেন্যু ছিল ঢাকা ক্লাব ও গুলশান ক্লাব। ঢাকা ফ্যাশন উইকের দ্বিতীয় আসর বসে ২০০৯ সালে ঢাকা ক্লাবে। গত বছর তৃতীয় আসর বসে গুলশানের ওয়েস্টিন হোটেল ও ঢাকা ক্লাবে।এবার ঢাকা ফ্যাশন উইকের চতুর্থ আসর শুরু হয় ১৫ জুন। চার দিনের এই আয়োজনে ছিল ফ্যাশন শো, ফ্যাশন প্রদর্শনী, ফ্যাশন ফটোগ্রাফি প্রদর্শনী, ফ্যাশনবিষয়ক গোলটেবিল বৈঠক, বক্তৃতা সেশন ও ফ্যাশনবিষয়ক কর্মশালা। এ ছাড়া ফ্যাশনের ক্ষেত্রে সফল ব্যক্তিদের পুরস্কার দেওয়া হয়।‘মডেল হিসেবে পরিচিতি পাওয়ার জন্য ঢাকা ফ্যাশন উইক একটি বড় জায়গা। এর মাধ্যমে নবীন মডেলরা উঠে আসার সুযোগ পাচ্ছেন।’ আয়োজন সম্পর্কে বলছিলেন মডেল আইরিন। এবারের আসরে তিনটি পর্বে ফ্যাশন শো হয়। প্রথমটি শুরু হয় ১৬ জুন বিকেলে গুলশানের ওয়েস্টিন হোটেলে। এতে প্রায় ১০০ জন মডেল অংশ নেন। একই স্থানে ফ্যাশন শোর দ্বিতীয় পর্ব হয় ১৭ জুন সন্ধ্যায়। আর তৃতীয় পর্ব হয় ১৮ জুন। তিন পর্বের ফ্যাশন শো-ই পরিচালনা ও কোরিওগ্রাফি করেন ঢাকা ফ্যাশন উইকের প্রেসিডেন্ট কৌশিকি নাসের। ফ্যাশন শোতে ৫০ জন ফ্যাশন ডিজাইনারের পোশাক উপস্থাপিত হয়। তাঁদের ডিজাইনে উঠে আসে দেশি-বিদেশি হাল ফ্যাশনের নানা নমুনা। ঢাকা ফ্যাশন উইক সম্পর্কে ডিজাইনার মেজবাউল আলম বলেন, ‘ফ্যাশনশিল্পের বিকাশে এমন আয়োজন বেশি বেশি হওয়া উচিত।’ঢাকা ফ্যাশন উইকের ফ্যাশন ফটোগ্রাফি প্রদর্শনী শুরু হয় ১৫ জুন বিকেলে। এর ভেন্যু গুলশানের ইজুমি রেস্টুরেন্ট। এতে ফ্যাশনবিষয়ক মোট ৩২টি আলোকচিত্র স্থান পায়। এসব আলোকচিত্রের বিষয়ে উঠে এসেছে ঢাকা ফ্যাশন উইকের আগের আয়োজনগুলোর আলোকচিত্র, বাংলাদেশের বিভিন্ন ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদ ও হাল ফ্যাশনের নমুনা।ঢাকা ফ্যাশন উইকের পোশাক প্রদর্শনী অনুষ্ঠিত হয় ১৭ ও ১৮ জুন দি ওয়েস্টিন হোটেলে। এতে নগরের শীর্ষস্থানীয় ফ্যাশন ডিজাইনারদের পোশাক প্রদর্শন করা হয়।ঢাকা ফ্যাশন উইকের গোলটেবিল বৈঠক হয় ১৬ জুন সকালে ওয়েস্টিন হোটেলে। ‘ফ্যাশনশিল্পের উন্নয়ন’ শীর্ষক এ বৈঠকে অংশ নেন দেশের নবীন ও প্রবীণ ফ্যাশন ডিজাইনারেরা। ঢাকা ফ্যাশন উইকের ফ্যাশনবিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয় ১৭ জুন গুলশানের সিমন সেন্টারের র‌্যাফেলস ডিজাইন ইনস্টিটিউটে। ১৮ জুন বিকেলে বনানীর ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ায় এবারের ফ্যাশন উইকের লেকচার সেশন হয়।ফ্যাশনের ক্ষেত্রে অবদান রাখায় এবার পদক দেওয়া হয়েছে নাসরিন করিম (মরণোত্তর) ও একুশে টেলিভিশনকে। আর বছরের সেরা মডেল হিসেবে পদক পেয়েছেন আসিফ খান ও রুমা।ঢাকা ফ্যাশন উইক সম্পর্কে আয়োজক কমিটির প্রেসিডেন্ট কৌশিকি নাসের বলেন, ‘দেশের ফ্যাশনশিল্পকে আরও উন্নত স্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা এই আয়োজনটা করছি। এর মাধ্যমে দেশের নবীন ফ্যাশন ডিজাইনার, উদ্যোক্তা, প্রতিষ্ঠান, মডেলসহ ফ্যাশনসংশ্লিষ্ট সবাইকে একটি প্লাটফর্মে দাঁড় করানোর চেষ্টা করছি। কারণ, সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া আমরা এগিয়ে যেতে পারব না।’ ঢাকা ফ্যাশন উইকের এবারের আসরের সব আয়োজন শেষ হয়েছে গতকাল।