শহরের শিউলিতলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থপতি মুস্তাক কাদরী তখন বুয়েটের ছাত্র। সাইকেলে চড়ে তিনি ক্লাসে আসতেন। একবার এই বাহনটি বুয়েটের ক্যাম্পাসে একটি গাছের সঙ্গে বেঁধে চট্টগ্রামের বাসে চড়ে বসেন। পরদিন ভোরে মুস্তাক কাদরী ঢাকায় ফিরে আসেন। বুয়েটের কাছে সেই গাছতলায় গিয়ে দেখতে পান তাঁর সাইকেলটি ফুলে ফুলে ছেয়ে আছে। সাইকেলের গা থেকে ফুলগুলো সরাতে ইচ্ছে হচ্ছিল না তাঁর। তিনি যে গাছের সঙ্গে সাইকেলটি বেঁধে রেখে গিয়েছিলেন, সেটি ছিল শিউলিগাছ।আমাদের ছেলেবেলায় ঢাকা শহর গাছগাছালিতে ঘেরা ছিল, শরতেও বেশ শীত পড়ত। তখন কুয়াশাভেজা ভোরবেলায় আমরা বাড়ির পাশের রোকনপুর কাজীবাড়ির মসজিদের কাছের শিউলিতলায় চাদর গায়ে শিউলি ফুল কুড়াতাম। শিউলি ফুলের ডাঁটা দিয়ে বাঁশি বাজানো যায়। আমরাও মজা করে বাঁশি বাজাতাম। তারপর বাসায় ফিরে ফুলের বোঁটা দিয়ে কাগজে দাগ টেনে নানা রকম আঁকিবুঁকি করতাম। শিউলি ফুলের গঠন এমন যে সুতা ছাড়াও ফুলের ওপর বোঁটা গেঁথে গেঁথে মালা তৈরি করা যায়। আমরাও তেমন মালা গাঁথতাম।ইটের পর ইট গেঁথে বিশাল বিশাল ইমারত গড়া হয়েছে এই শহরে। একসময় প্রায় বাড়িতে থাকা শিউলি ফুলের গাছ এখন আর নেই বললেই চলে। এ প্রসঙ্গে বিউটি বোর্ডিংয়ের স্বত্বাধিকারীদের একজন তারক সাহা জানালেন, তাঁদের শিউলিগাছ দুটি কেটে ফেলা হয়েছে। রান্নাঘরের পাশে একটি গাছ সবে বেড়ে উঠছে। তিনি আমাকে শ্রীশ্রীপ্রাণবল্লভ জিউ মন্দিরের খোঁজ দিলেন। তাঁর কথামতোই আমি পরদিন ভোরবেলায় চলে এলাম শ্রীশ দাস লেনের শ্রীশ্রীপ্রাণবল্লভ জিউ মন্দিরের কাছে। আলো ফুটে ওঠার আগেই শিউলি ঝরে পড়ে। সেই ঝরা ফুলে মালা গাঁথা হয়। হয় পূজা-অর্চনা। জিউ মন্দিরের ফটক তাই খুব সকালে খুলে দেওয়া হয়। এলাকার হিন্দু ধর্মাবলম্বী নারীরা সেই সকালে পূজার ফুল কুড়াতে আসেন। তাঁরা ফুল কুড়ানোর আগেই এক ভোরে আমি সেখানে পৌঁছে গেলাম। জিউ মন্দিরের গাছটি বিশাল। পুরো শিউলিতলা এমনভাবে ফুলে ফুলে ছেয়ে আছে, যেন শিউলি ফুলের বিছানা! স্থানীয় বাসিন্দা সন্ধ্যা সাহা জানালেন, ফুল কুড়িয়ে তিনি নিজে রাখেন, প্রতিবেশীদেরও দেন।পুরান ঢাকা ঘুরে হরিষ চন্দ্র বসু স্ট্রিটের শ্রীশ্রীলক্ষ্মীনারায়ণ জিউ মন্দির প্রাঙ্গণে একটি শিউলিগাছ দেখেছি। বাংলাবাজারের কাছে বাণী ভবন ও মুক্তি খেলাঘর আসর নামে খ্যাত সবজিমহলে একটি করে শিউলিগাছ আছে। বুয়েট ক্যাম্পাসের শিউলিগাছটি এখনো আছে। মিরপুর সড়ক থেকে ভেতরে ঢুকে ধানমন্ডি লেকের ৮ নম্বর সেতু পার হয়ে একটু ডানে গেলে শিউলিগাছের দেখা মিলবে। এ ছাড়া বলধা গার্ডেনে, রমনা উদ্যানের শেষ মাথায় হোটেল রূপসী বাংলার পেছনের দিকটায় রয়েছে শিউলিবীথি। পুরোনো বাড়ি ভেঙে ফেলার কারণে নগরের অনেক বাড়ির শিউলিগাছই কাটা পড়ছে। তাই শরৎ-ভোরের ফুল শিউলির সুবাস ভুলতে বসেছেন শহরের অনেকেই।এবার রমনা উদ্যান ও ধানমন্ডি এলাকার শিউলিবীথিতে ফুল ধরেছে কম। এ প্রসঙ্গে নিসর্গী দ্বিজেন শর্মা বলেন, প্রকৃতিতে সব সময় বৈচিত্র্য থাকে। এ কারণে ফুল কম-বেশি ফুটতে পারে।একই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, বৃষ্টিপাত ও তাপমাত্রার কম-বেশির কারণে ফুল কম-বেশি ফুটতে পারে।পুরান ঢাকার পাশে নদী আছে, তাই ঠান্ডা তুলনামূলক বেশি। এমন পরিবেশ শিউলি ফুল ফোটার জন্য সহায়ক।