শহীদ আজাদের ভ্রাতুষ্পুত্র শোয়েবের কথা...
ফেরদৌস আহমেদ জায়েদের নাম আপনাদের কারও কারও মনে থাকতে পারে। জায়েদ হলেন আজাদের চাচাতো ভাই।হ্যাঁ, একাত্তরের মুক্তিযুদ্ধের শহীদ আজাদের কথাই বলছি। আজাদ ছিলেন বিশাল বড়লোক বাবার একমাত্র ছেলে। ষাটের দশকের কথা। আজাদ যখন পড়েন ক্লাস সিক্সে, তখন তাঁর বাবা আরেকটা বিয়ে করেন। প্রতিবাদে আজাদের মা স্বামীর প্রাসাদ ছেড়ে একমাত্র ছেলের হাত ধরে বেরিয়ে আসেন। ছোট্ট ঘর ভাড়া নিয়ে অনেক কষ্টে আজাদকে মানুষ করতে শুরু করেন। আর আজাদের সার্বক্ষণিক সঙ্গী হিসেবে তাঁর পাশে পাশে ঘোরেন চাচাতো ভাই জায়েদ।আজাদ একাত্তরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেন। মায়ের অন্ধের যষ্টি আজাদ মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েন। তাঁদের বাড়িতে মুক্তিযোদ্ধারা আশ্রয় নেন। অস্ত্রশস্ত্র রাখা হয়। ১৯৭১ সালের ৩০ আগস্ট রাতে আজাদদের বাড়িতে হামলা চালায় পাকিস্তানি সেনারা। গুলিতে আহত হন জায়েদ। আজাদকে ধরে নিয়ে গিয়ে রাখা হয় রমনা থানায়। আজাদের মা ছেলের সঙ্গে দেখা করে বলেন, ‘শক্ত হয়ে থেকো বাবা, কোনো কিছু স্বীকার করবে না।’ আজাদ বলেন, ‘মা, কত দিন ভাত খাই না। আমার জন্য ভাত নিয়ে এসো।’ মা ভাত নিয়ে যান থানায়। গিয়ে দেখেন ছেলে নেই। এই ছেলে আর কোনো দিনও ফিরে আসেনি। আর এই মা ১৯৮৫ সাল পর্যন্ত বেঁচে ছিলেন, কোনো দিনও আর ভাত খাননি।জায়েদ নিজের শরীরে বুলেট নিয়ে আজও বেঁচে আছেন। আজাদের মায়ের কবরটা তিনি পাকা করে দিয়েছেন; জুরাইন গোরস্তানের সেই কবরে আজও খোদিত আছে—শহীদ আজাদের মা।মা উপন্যাস লেখার প্রধান সূত্র এই জায়েদ। শহীদ আজাদের চিঠিপত্র সবকিছু তিনিই আমাকে দিয়েছেন।জায়েদের দুই ছেলে। মোহেব আর শোয়েব। মোহেব একটা বেসরকারি ব্যাংকে ভালো চাকরি পেলেন। শুনে খুশি হই। কিন্তু তার পরই পাই দুঃসংবাদ। নজরুল ইসলাম কলেজে স্নাতকপড়ুয়া শোয়েবের কোলন ক্যানসার। সেও আজ বছর দুই হয়ে গেল। এর মধ্যে এ পরিবারটি শোয়েবের চিকিৎসার ভার একা একা বহনের চেষ্টা করেছে। তারপর একসময় হাত খালি। ভারতের ভেলোরের হাসপাতালে তখন শোয়েবের চিকিৎসা হচ্ছিল। মোহেব ভাইয়ের পাশে থাকতে গিয়ে ব্যাংকের চাকরিটা ছেড়ে দিলেন। আমরা বন্ধুরা মিলে কিছুটা সাহায্য করার চেষ্টা তখন নিই। যুক্তরাষ্ট্র থেকে অংকুর ইন্টারন্যাশনালের বন্ধুরাও ওঁর চিকিৎসার খরচ কিছুটা বহন করে। তারপর জানলাম, শোয়েব সুস্থ। মনটা ভালো হয়ে যায়।কিন্তু ক্যানসার কি আর সহজে ছাড়ে! এখন শোয়েব আছেন ধানমন্ডির ডিফ্যাম হাসপাতালে। ডা. গোলাম মহিউদ্দিন ফারুক যখনই জেনেছেন শোয়েবের বাবা ফেরদৌস আহমেদ জায়েদের পরিচয়, জাহানারা ইমামের একাত্তরের দিনগুলির জায়েদই তিনি, তখন তিনি সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। কিন্তু অবস্থা বেশ সংকটাপন্ন। শোয়েব (২৩) আমার হাত ধরে বলল, ‘কাকু, আমি বাঁচতে চাই।’এত দিন জায়েদ এই কাহিনি কাগজে লিখতে দেননি। আজ আমি তাঁকে বাধ্য করেছি অনুমতি দিতে। শহীদ আজাদের ভ্রাতুষ্পুত্র শোয়েবের উন্নত চিকিৎসার চেষ্টা আমরা শেষ পর্যন্ত চালিয়ে যাব। এটা আমাদের করতেই হবে। সিঙ্গাপুরের হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। শোয়েবকে আমরা সিঙ্গাপুরে পাঠাব। লাখ বিশেক টাকা জোগাড় করতে হবে। দ্রুত। সময় ফুরিয়ে আসছে।আপনারা শোয়েবের জন্য দোয়া করুন। আর শোয়েবের চিকিৎসা তহবিল জোগাড়ের এই সংগ্রামে কেউ যদি সহযোগী হতে চান, তাহলে আপনার অনুদানটুকু পাঠিয়ে দিতে পারেন এই ঠিকানায়: মোদাসসের আহমেদ মোহেব, সঞ্চয়ী হিসাব নং ১৫০১১০১৫২৮২৭০০০১, ব্র্যাক ব্যাংক, গুলশান শাখা, ঢাকা। সুইফট কোড BRAKBDDH.