বাংলাভিশনে আজ রাতে দেখানো হবে স্টুডিও থেকে সরাসরি গানের অনুষ্ঠান ওয়ালটন আমার পণ্য আমার দেশ। উপস্থাপনা করেছেন চৈতি, প্রযোজনা করেছেন নাহিদ আহমেদ। অনুষ্ঠানে আজ গান করবে অবসকিউর। কথা হলো এই ব্যান্ডের দলনেতা টিপুর সঙ্গে।টিভির এ ধরনের সরাসরি গানের অনুষ্ঠানে কত দিন পর গান করছেন?তা প্রায় আট-নয় মাস তো হবেই। শেষ গান করেছিলাম দেশ টিভির কল-এর গান অনুষ্ঠানে। এখন তো আগের মতো আর তেমন কনসার্ট হয় না। টিভির এই লাইভ শোগুলোই যা ভরসা। কনসার্ট না হলেও এসব অনুষ্ঠানের মাধ্যমে শ্রোতারা ব্যান্ডগুলো কিংবা শিল্পীদের গান সরাসরি শুনতে পায়।অবসকিউরকে কিন্তু কনসার্টে তেমন দেখা যায় না। কেন?হ্যাঁ, আমরা সব কনসার্টে গান করি না। খুব বেছে বেছে করি। আর এখন তো ঢাকায় তেমন ওপেন এয়ার কনসার্ট হয় না। তার পরও কয়েক দিন আগে একটা অফিশিয়াল কনসার্টে গান করেছি।আজকের অনুষ্ঠানে কোন গানগুলো করবেন?আমাদের এ পর্যন্ত সাতটি অ্যালবাম বেরিয়েছে। সর্বশেষ এসেছে অপেক্ষা ও ইচ্ছের ডাকাডাকি। এই দুটি থেকে গান করব। আর আমাদের প্রথম অ্যালবামের প্রায় সব কটি গানই জনপ্রিয় হয়েছিল। সেখান থেকেও করব। যেমন—‘মাঝরাতে চাঁদ যদি’, ‘নিঝুম রাতের আঁধারে’, ‘ছাইড়া গেলাম মাটির পৃথিবী’। আসলে ১৫টার বেশি গান গাওয়ার সময় পাওয়া যাবে না। আর দর্শকদের অনুরোধও তো রাখতে হবে।অবসকিউরের নতুন অ্যালবামের ব্যাপারে কিছু ভেবেছেন?ছয়টা গান তৈরি হয়েছে। বাকিগুলোর কাজ শিগগিরই শুরু করব। আসলে অডিও বাজারের যে অবস্থা, এর মধ্যে অ্যালবাম বের করতে ইচ্ছ হয় না। দেখি, সবকিছু ঠিকমতো এগোলে ইংরেজি নববর্ষে অ্যালবামটি শ্রোতাদের হাতে পৌঁছানোর ইচ্ছা আছে।এবার আপনার নিজের অ্যালবামের কথা বলুন।আমার সর্বশেষ অ্যালবামটি ছিল রবীন্দ্রসংগীতের, সকলই ফুরালো। আবারও রবীন্দ্রসংগীত নিয়েই কাজ করব। এটা তৈরি করব পয়লা বৈশাখ উপলক্ষে। এখন শহীদ আলতাফ মাহমুদের গান নিয়ে একটি অ্যালবাম তৈরির কাজ করছি। এটা আগে বের করব। শহীদ আলতাফ মাহমুদের গানগুলোকে সংরক্ষণের এটি আমাদের একটি পদক্ষেপ।