শহীদ আসাদ দিবস পালিত
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার শহীদ আসাদ দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে শহীদ আসাদ বেদিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শহীদ আসাদ স্মৃতি পরিষদের উদ্যোগে নরসিংদীর শিবপুর উপজেলার ধানুতে শহীদ আসাদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।শহীদ আসাদ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদে বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া পৃথক বাণী প্রদান করেন। এদিকে শহীদ আসাদ দিবস উপলক্ষে গণসাংস্কৃতিক ফ্রন্টের উদ্যোগে টিএসসির সড়ক দ্বীপে আজ থেকে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে সকালে সংগঠনের গুলশান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংসদ তারানা হালিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সৈয়দ হাসান ইমাম, এ টি এম শামসুজ্জামান, ফাল্গুনী হামিদ, পীযূষ বন্দ্যোপাধ্যয়, খায়রুল আলম সবুজ প্রমুখ বক্তৃতা করেন। বাসস।