প্রথম আবুল বাসার খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে শহীদ ইকবাল বিথার স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন হয়েছে। খুলনা মহানগরের খালিশপুরের স্যাটেলাইট টাউন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৭ অক্টোবর বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শহীদ ইকবাল বিথার স্মৃতি সংসদ টাইব্রেকারে ১-০ গোলে স্বাধীনতা মোড় ক্লাবকে পরাজিত করে।ফাইনাল খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। মঞ্জুরুল আলমের সভাপতিত্বে এবং মোস্তাফিজুর রহমানের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম সানাউল্লা, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান, তাজুল ইসলাম, মনিরুল ইসলাম, জাকির হোসেন, শেখ শাহজালাল, ওয়াহেদুজ্জামান, পারভীন আক্তার, নাসির আহমেদ প্রমুখ।প্রমীলা ক্রিকেট দলকে সংবর্ধনা: চতুর্থ প্রমীলা ক্রিকেট লিগে খুলনা বিভাগ চ্যাম্পিয়ন হওয়ায় দলটিকে সংবর্ধনা দিয়েছে খুলনা মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১৮ অক্টোবর সংগঠনের কার্যালয়ে ক্লাবের সভাপতি সৈয়দ জাহিদ হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃতী খেলোয়াড় আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন সরকারি বি এল কলেজের সাবেক অধ্যক্ষ জাফর ইমাম ও হোটেল ক্যাসল সালামের ব্যবস্থাপনা পরিচালক এম এম এ সালাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ক্লাবের সহসভাপতি খালিদ হোসেন, ওয়াহিদুজ্জামান, আসিফ হোসেন, জহিরুল ইসলাম, আব্দুস সাত্তার, প্রমীলা দলের ব্যবস্থাপক তাসলিমা মোর্শেদ, দলের অধিনায়ক সালমা খাতুন, কোচ ইমতিয়াজ হোসেন, আজিজুল হাসান, শফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, রাশেদুল ইসলাম প্রমুখ।শেষে দলের খেলোয়াড়দের বিশেষ উপহার দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন শেখ দিদারুল আলম।