শহীদ উদ্দীনের চিকিৎসার ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পিকারের চিঠি
বিএনপির গ্রেপ্তার হওয়া সাংসদ শহীদ উদ্দীন চৌধুরীর সুচিকিৎসার জন্য সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেছেন স্পিকার আবদুল হামিদ। তিনি এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠিয়েছেন।সূত্র জানায়, বিএনপির একটি সংসদীয় প্রতিনিধিদল গতকাল সোমবার স্পিকারের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে। বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকের নেতৃত্বে এই প্রতিনিধিদলে ১৮ জন সাংসদ ছিলেন। সাক্ষাৎকালে তাঁরা শহীদ উদ্দীনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠাতে স্পিকারকে একটি চিঠি দেন। শহীদ উদ্দীনের স্ত্রী পারভীন আক্তারের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, গত ২৭ জুন বিএনপির ডাকা হরতাল চলাকালে সংঘর্ষে শহীদ উদ্দীন আহত হন। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। উন্নত চিকিৎসার জন্য তাঁর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যাওয়া প্রয়োজন। চিঠিতে আরও বলা হয়, শহীদ উদ্দীন আগেও সিঙ্গাপুরে চিকিৎসা করিয়েছেন। ১৬ জুলাই সিঙ্গাপুরের ওই হাসপাতালে তাঁকে দেখানোর জন্য চিকিৎসকের সঙ্গে সময় ঠিক করা হয়েছে।পরে স্পিকার চিঠিটির সঙ্গে আরেকটি চিঠি লিখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে পাঠিয়ে দেন।এ বিষয়ে জানতে চাইলে স্পিকার আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, বিরোধী দলের দাবির পরিপ্রেক্ষিতে শহীদ উদ্দীনের সুচিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে তাঁর সুচিকিৎসার ব্যবস্থা করতে অনুরোধ করা হয়েছে।বিএনপির ওই প্রতিনিধিদলের সদস্যরা স্পিকারের কার্যালয় থেকে বের হয়ে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিং করেন। এ সময় তাঁরা শহীদ উদ্দীনের সুচিকিৎসার বিষয়ে স্পিকারকে চিঠি দেওয়ার বিষয়টি সাংবাদিকদের জানান এবং সবার সহযোগিতা কামনা করেন।