শহীদ দিবস উপলক্ষে বিএনপির দুই দিনের কর্মসূচি ঘোষণা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি পালন করবে বিএনপি। আজ রোববার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়।কর্মসূচির মধ্যে আছে ২০ ফেব্রুয়ারি বিকেল তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা এবং ২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিট কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, সকালে নিউমার্কেটের সামনে বলাকা সিনেমা হলের সামনে জমায়েত শেষে সেখান থেকে আজিমপুরে ভাষাসৈনিকদের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। এ ছাড়া ওই দিন কালো ব্যাজ ধারণ ও শোভাযাত্রা করবে বিএনপি।এ ছাড়া জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) শহীদ দিবস উপলক্ষে ১৮, ১৯ ও ২০ ফেব্রুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে।বিএনপির সহসভাপতি সেলিমা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, মিজানুর রহমান, সালাউদ্দিন আহমেদ ও মোহাম্মদ শাহজাহান এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সভা শেষে দলের যুগ্ম মহাসচিব ও দপ্তর সম্পাদকের দায়িত্ব পাওয়া রুহুল কবির রিজভী সাংবাদিকদের কাছে কর্মসূচি তুলে ধরেন।