শহীদ নূর হোসেন দিবস পালিত
রাজধানী ঢাকাসহ সারা দেশে আজ বুধবার শহীদ নূর হোসেন দিবস পালিত হয়েছে। স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ১৯৮৭ সালের এই দিনে রাজপথে এক মিছিলের পুরোভাগে গুলিবিদ্ধ হয়ে জীবন উত্সর্গ করেছিলেন শহীদ নূর হোসেন।এদিন নূর হোসেন বুকে ‘স্বৈরাচার নিপাত যাক’ এবং পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক’ লিখে আওয়ামী লীগ ঘোষিত ঢাকা ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।শহীদ নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে সেই সময় স্বৈরাচারবিরোধী আন্দোলন তীব্রতর হয় এবং অব্যাহত লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচারী সরকারের পতন হয়।দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে।আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে ছিল দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফের নেতৃত্বে সকালে নূর হোসেন স্কোয়ারে পুষ্পস্তবক অর্পণ। এ সময় উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক এবং স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং উপদফতর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ।স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা নূর হোসেন স্কোয়ারে শ্রদ্ধা নিবেদন করেন।যুবলীগ সকালে সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মির্জা আজমের নেতৃত্বে নূর হোসেন স্কোয়ারে পুষ্পস্তবক অর্পণ করে নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানায়।শহীদ নূর হোসেন সংসদ সকালে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ করে। সকাল আটটায় নূর হোসেনের কবরে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করে।এ ছাড়াও দুপুরে নূর হোসেন সংসদের নেতারা মিরপুরে শহীদ নূর হোসেন পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত্ করেন।যুবলীগ নূর হোসেন স্কোয়ারে পুষ্পস্তবক অর্পণ ছাড়াও বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে আলোচনা সভার আয়োজন করে।যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।এ ছাড়াও যুব গণফোরাম মানববন্ধন এবং বিপ্ল¬বী ওয়ার্কার্স পার্টি নূর হোসেন স্কোয়ারে পুষ্পমাল্য অর্পণ করে।—বাসস