শহীদ বুদ্ধিজীবী দিবসে যুদ্ধাপরাধের বিচার দাবি
রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের মূল ফটকের বাইরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে দাঁড়িয়ে ছিল শিশু মিম। প্ল্যাকার্ডে লেখা, ‘দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে।’ এমন সময় ব্যানার হাতে একটি মিছিল এগিয়ে আসতে দেখে মিম স্লোগান দিয়ে উঠল, ‘যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই’।মিমের মতো নতুন প্রজন্ম থেকে শুরু করে তরুণ-বয়োবৃদ্ধরা এমনই অসংখ্য ব্যানার-পোস্টার, প্ল্যাকার্ড ও ফেস্টুন যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানানোর মাধ্যমে গতকাল মঙ্গলবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছেন। মিছিলে, স্লোগানে ও আলোচনা সভায় সোচ্চার উচ্চারিত হয়েছে মানবতার বিরুদ্ধে অপরাধকারীদের বিচারের দাবি।১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর সামরিক কর্মকর্তা রাও ফরমান আলীর নেতৃত্বে দেশের শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনীতিকদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়। পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিল তাদের এ-দেশীয় দোসর জামায়াত, রাজাকার, আলবদর ও আলশামস বাহিনী।দিবসটি উপলক্ষে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষ মিরপুর স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধা জানায়।সকাল আটটার দিকে প্রথমে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। পরে প্রধানমন্ত্রী আবার দলীয়ভাবে শ্রদ্ধা জানান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলামসহ মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা।সকাল সাড়ে আটটার দিকে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নেতা-কর্মীদের নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।সকাল সাতটা থেকে রায়েরবাজার বধ্যভূমিও ছিল মিছিল, স্লোগান ও বক্তৃতায় মুখর। বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে সেখানে উচ্চারিত হয়েছে, ‘ভয় করি না মরণে, বুদ্ধিজীবী স্মরণে’।স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগ রায়েরবাজার বধ্যভূমির বেদিতে ফুল দেয়। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবিরসহ অন্যান্য নেতাও উপস্থিত ছিলেন।বধ্যভূমির স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় সৈয়দ আশরাফ বলেন, ‘বাংলাদেশকে মেধাশূন্য করতে রাজাকার-আলবদররা এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল। আমরা সেই যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া শুরু করেছি। কিন্তু বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে চায়।’ঢাকার মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন ঢাকা সিটি করপোরেশনের পক্ষে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, বিএনপি যুদ্ধাপরাধের বিচারের ক্ষেত্রে আওয়ামী লীগকে সহায়তা করতে চায়। কিন্তু সে বিচার হতে হবে রাজনৈতিক প্রভাবমুক্ত।এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গতকাল মিরপুরের স্মৃতিসৌধ ও রায়েরবাজারের বধ্যভূমিতে গিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানায়। এসব সংগঠনের মধ্যে ছিল জাতীয় পার্টি, এলডিপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাসদ, বাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, গণফোরাম, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী), জাতীয় জনতা পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাকের পার্টি, জাতীয় গণতান্ত্রিক লীগ, তরিকত ফেডারেশন, ন্যাশনাল সিকিউরিটি পার্টি, বাংলাদেশ কৃষক শ্রমিক মুক্তি আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিএসএমএমইউ, ইডেন কলেজ, উদীচী শিল্পীগোষ্ঠী, কেন্দ্রীয় খেলাঘর আসর, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, কৃষিবিদ ইনস্টিটিউশন, মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগ, আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ভাসানী স্মৃতি সংসদ, যুব গণফোরাম, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, জাতীয় যুবজোট, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরাম, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব পরিষদ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, বঙ্গবন্ধু নাগরিক সংহতি পরিষদ, জাতীয় নাগরিক সমাজ, ছাত্র ঐক্য ফোরাম, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, আওয়ামী তরুণ লীগ, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনসহ অন্যান্য সংগঠন। এর মধ্যে কিছু সংগঠন দিবসটি উপলক্ষে আলোচনা সভারও আয়োজন করে।চট্টগ্রামে শ্রদ্ধা: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার চট্টগ্রামে সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।এসব সংগঠনের মধ্যে ছিল চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি, মহানগর আওয়ামী লীগ, মহানগর মহিলা লীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।