শহীদ বুদ্ধিজীবীদের তৃতীয় প্রজন্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছর ১৪ ডিসেম্বর এলে সংবাদপত্রের পাতায় শহীদ বুদ্ধিজীবীদের ছবি ছাপা হয়। তাঁদের নিয়ে লেখা, তাঁদের সন্তানদের সাক্ষাৎকার ছাপা হয়। টেলিভিশনে থাকে নানা আয়োজন...। আজ আমরা জানব শহীদ বুদ্ধিজীবীদের তৃতীয় প্রজন্মের কথা। লিখেছেন তৌহিদা শিরোপানানাভাইয়ের মতো চিকিৎসক হতে চাইমুসাররাত মাহতাবশহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর নাতনি‘পঞ্চম শ্রেণীতে পড়ি তখন। শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে একটি অধ্যায় ছিল। একদিন ক্লাসে পড়াতে গিয়ে শিক্ষক বলেছিলেন, তাঁদের সম্পর্কে আমরা জানি কি না। তখন আমি হাত তুলে বলেছিলাম, শহীদ বুদ্ধিজীবী চিকিৎসক আলীম চৌধুরী আমার নানাভাই। আমার কথা শুনে তাঁর চোখে পানি এসে গেল। সহপাঠীরাও খুব আশ্চর্য হয়েছিল। আমার নানাভাই দেশের জন্য প্রাণ দিয়েছেন। আমার বইয়ে নানাভাইয়ের ছবি আছে। সবাই তাঁর কথা জানতে পারছে।’ স্কলাসটিকা স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মুসাররাত মাহতাব। মা-বাবা ডাকে সুকন্যা বলেই। শহীদ বুদ্ধিজীবী আলীম চৌধুরীর নাতনি সুকন্যা। ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর চোখের চিকিৎসক আলীম চৌধুরীকে রাজাকাররা ধরে নিয়ে যায়। ‘নানাভাইয়ের গল্প মায়ের কাছে অনেক শুনেছি। তিনি অনেক ভালো চিকিৎসক ছিলেন। ধনী-গরিব ভেদাভেদ ছিল না তাঁর কাছে। সবাইকে সমান চোখে দেখতেন। চিকিৎসা যেন দেশের প্রত্যেক মানুষ পায়, সেই স্বপ্নপূরণে কাজ করেছেন। দেশের কল্যাণের কথাই ভাবতেন নানাভাই। আমি বড় হয়ে নানাভাইয়ের মতো চিকিৎসক হতে চাই। আমার মা-ও চোখের চিকিৎসক। নানাভাইয়ের স্বপ্ন পূরণ করার চেষ্টা করব। এ দেশের মানুষ যদি সঠিক চিকিৎসা পায়, তাহলে দেশের কল্যাণ হবে। এমন কাজ করতে চাই, যাতে সবাই ভালোভাবে জীবন যাপন করতে পারে। ধনী-গরিব বৈষম্য না থাকে।’ আলীম চৌধুরীর তৃতীয় প্রজন্মের প্রতিনিধি সুকন্যা চায় দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার। কেননা, যত দিন দেশে যুদ্ধাপরাধীরা থাকবে, তত দিন দেশের কল্যাণ হবে না। বিজয়ের ৪০ বছরে এসে সুকন্যার স্বপ্ন যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ।পাঠ্যপুস্তকে দাদার ছবি দেখার অনুভূতিই আলাদা সনকা রেজাশহীদ বুদ্ধিজীবী সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের নাতনিশহীদ বুদ্ধিজীবী সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের নাতনি সনকা রেজা। সদ্য এইচএসসি পাস করেছেন তিনি। দাদার গল্প কার কাছে বেশি শোনা হয়েছে, ‘দাদি, বড় চাচার কাছে। বাবা তো নিজেই তখন অনেক ছোট। বলতেও চান না দাদার কথা। খুব কষ্ট হয় বাবার। ছোট থেকেই সংবাদপত্র, টেলিভিশনে দেখে আসছি, পড়ছি। তবে দাদি কত যে গল্প বলেন। দাদা-দাদির প্রথম জীবনের কথা। অনেক সাহসী সাংবাদিক ছিলেন তিনি। অন্যায়ের সঙ্গে আপস করতেন না। দাদার সময়ের বিভিন্ন সংবাদপত্রের লেখাও পড়েছি আমি। আমার মনে আছে, স্কুলে দাদার ছবি আমাদের পাঠ্যপুস্তকে ছিল। সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। আমার দাদা দেশের জন্য জীবন দিয়েছেন, সেটি সবাই পড়ছে। অন্য রকম লেগেছে তখন।’ বলেন সনকা। ‘একজন শহীদ বুদ্ধিজীবীর নাতনি হিসেবে খুব গর্বিত আমি। একেবারে অনেক কিছু হয়তো করতে পারব না আমি। কিন্তু ইচ্ছে আছে সাংবাদিকতা পড়ার।হয়তো দাদার মতো হতে পারব না, কিন্তু স্বপ্ন দেখি সাংবাদিক হওয়ার। তাই একটু একটু করে দেশের জন্য ভালো কাজ করতে চাই। এর জন্য আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। তাহলে আনুষঙ্গিক অনেক সমস্যার সমাধান হবে। দেশের উন্নতির জন্য ভীষণ প্রয়োজন এটি। তবে মাঝেমধ্যে মনে হয়, দাদা যদি আজ বেঁচে থাকতেন, অনেক কিছু শিখতে পারতাম। দাদার শূন্যতা অনুভব করি। কিন্তু তাঁর আত্মত্যাগ আমাকে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগায়।’যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার করতে হবেঅর্চি হাসানশহীদ বুদ্ধিজীবী অধ্যাপক রাশীদুল হাসানের নাতনি‘বয়স তখন চার কি পাঁচ। তখন থেকেই নানাভাইয়ের গল্প শুনতাম। আম্মু প্রজন্ম ’৭১-এর নানা আলোচনায় সঙ্গে নিয়ে যেতেন। বসে বসে শুনতাম। আর ১৪ ডিসেম্বর পুষ্পস্তবক অর্পণ করা হয়, এটিও জানতাম। রায়েরবাজার বধ্যভূমি চিহ্নিত করে প্রজন্ম ’৭১-এর পক্ষে প্রথম যে ভিত্তিপ্রস্তর খনন করা হয়, তাতে শাবল দিয়ে প্রথম মাটি খুঁড়েছিলাম আমি। এরপর বড় হওয়ার সঙ্গে সঙ্গে নানাভাইয়ের কত গল্প জেনেছি।’ বলেন শহীদ বুদ্ধিজীবী রাশীদুল হাসানের নাতনি অর্চি হাসান। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিকস কৌশল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। ‘নানাভাইয়ের নিয়মিত ডায়েরি লেখার অভ্যাস ছিল। বড় হয়ে তাঁর ডায়েরি পড়ার সৌভাগ্য হয়েছে। অজানা অনেক কথা জানতে পেরেছি।এ ছাড়া নানু ও আম্মুর কাছে নানাভাইয়ের গল্প শুনেছি। তাঁরা যখন স্মৃতি রোমন্থন করেন, অন্য রকম লাগে। মুক্তিযোদ্ধাদের ওপর অত্যাচারের গল্প শুনে খুব খারাপ লাগে। নানাভাইকেও নির্বিচারে হত্যা করা হয়েছে। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক।’অর্চি মনে করেন, দেশের জন্য প্রত্যেকের কিছু করার আছে। সেটা শুরু হতে পারে নিজ নিজ ক্ষেত্র থেকে। ছোট ছোট ভালো কাজ থেকে দেশের জন্য বড় ধরনের ভালো কাজ হওয়া সম্ভব। অর্চি বলেন, যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার করতে হবে। এত বছরে এটি হয়ে যাওয়া উচিত ছিল। যেহেতু হয়নি, তাই এখন সবার দাবি, এটিই হওয়া উচিত।