শহীদ মিনার ঘিরে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ৮৫০০ সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় সাড়ে আট হাজার সদস্য। এসএসএফ, র্যাব ও পুলিশের সদস্যদের সমন্বয়ে এই নিরাপত্তাবলয় গড়ে তোলা হবে। আজ শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এর মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় ওই দিন নিরাপত্তার স্বার্থে পালন করা হবে, এমন সব কৌশল প্রয়োগ করা হয়। বিস্ফোরক ও মাইন চিহ্নিতকরণ যন্ত্র দিয়ে পুরো এলাকায় তল্লাশি চালানো হয়। এ ছাড়া ওই দিন শহীদ মিনার এলাকায় নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য স্থাপিত ক্যামেরা ও পিটিজেট ঠিকভাবে কাজ করছে কি না, তাও খতিয়ে দেখা হয়েছে।মহড়া পরিদর্শন শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক বলেন, একুশে ফেব্রুয়ারির দিন কোনো ধরনের হামলার হুমকি নেই। তার পরও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতামূলক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।