শহীদ মিনারহীন শিক্ষাপ্রতিষ্ঠান
জয়পুরহাটে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোতে শহীদ মিনার নেই। ফলে ওই সব বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের শহীদদের প্রতি একুশে ফেব্রুয়ারিতে শ্রদ্ধা নিবেদন করতে পারে না। প্রভাতফেরি ও আলোচনা সভার মধ্য দিয়েই বিদ্যালয়গুলোতে একুশে ফেব্রুয়ারির কর্মসূচি পালিত হয়।জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, জয়পুরহাটের পাঁচটি উপজেলায় মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় রয়েছে ১৫৯টি। শহর ও উপজেলাভিত্তিক হাতে গোনা কয়েকটি বিদ্যালয়ে স্বাধীনতা যুদ্ধের পরপর স্থানীয় কতিপয় উত্সাহী ব্যক্তির আর্থিক সহায়তায় শহীদ মিনার গড়ে উঠলেও গ্রামভিত্তিক বিদ্যালয়গুলোতে এখনো কোনো শহীদ মিনার গড়ে ওঠেনি। সরকারি উদ্যোগ না থাকায় এসব বিদ্যালয়ে শহীদ মিনার হয়নি বলে জানা গেছে। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, শহীদ মিনার না থাকায় দু-একটি বিদ্যালয়ে একুশে ফেব্রুয়ারির আগের দিন ২০ ফেব্রুয়ারি বাঁশ ও কাগজ দিয়ে অস্থায়ী শহীদ মিনার করা হয়। তারপর সেখানেই তারা মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। দিবসটি পার হলেই ওসব শহীদ মিনারের আর অস্তিত্ব থাকে না।সদর উপজেলার চাঁদপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানান, তাঁর বিদ্যালয়টি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। অথচ এখন পর্যন্ত এখানে শহীদ মিনার নেই। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর এখানকার শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে প্রতিবছর ২০ ফেব্রুয়ারি বাঁশ কেটে কাগজ লাগিয়ে অস্থায়ী শহীদ মিনার তৈরি করে। একুশে ফেব্রুয়ারি ভোরে ওই শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বাংলা ভাষা আন্দোলনের ওপর আলোচনা সভা করে ভাষা শহীদদের আত্মার শান্তি কামনার মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হয়। বিদ্যালয়টির অষ্টম শ্রেণীর রাবেয়া বাশরী ও দশম শ্রেণীর মুক্তা পারভীন জানায়, প্রতিবছরই তারা বাঁশের তৈরি শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। পরের দিনই আর ওই শহীদ মিনারের কোনো অস্তিত্ব থাকে না।জেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও দোগাছী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন জানান, জেলার সিংহভাগ বিদ্যালয়গুলোতে শহীদ মিনার নেই। শহর ও এলাকাভিত্তিক দু-চারটি বিদ্যালয়ে স্থানীয় উদ্যোগী ব্যক্তিদের আর্থিক সাহায়তায় শহীদ মিনার গড়ে উঠেছে। কিন্তু জেলার গ্রামগঞ্জের বিদ্যালয়গুলোতে কোনো শহীদ মিনার নেই। প্রতিটি বিদ্যালয়ে সরকারি উদ্যোগে শহীদ মিনার হলে শিক্ষার্থীরা ভাষা আন্দোলন সম্পর্কে আরও জানতে উত্সাহী হবে। ওসব বীর শহীদের প্রতি তাঁদের শ্রদ্ধাবোধ বাড়বে। তিনি সরকারের প্রতি প্রতিটি বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের আবেদন জানান।সদর উপজেলার দাদরা জন্তিগ্রাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এজাজ উদ্দীন আহম্মেদ জানান, তাঁর বিদ্যালয়েও শহীদ মিনার নেই। মহান একুশে ফেব্রুয়ারিতে শিক্ষার্থীদের নিয়ে প্রভাতফেরি ও আলোচনা সভা করা হয়। কিন্তু শহীদ মিনার না থাকায় ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারেন না তাঁরা।কালাই উপজেলার জামুড়া বাসুরা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাইয়ুম জানান, তাঁর বিদ্যালয়ে শহীদ মিনার না থাকায় শিক্ষার্থীদের নিয়ে শুধু আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা তফাজ্জল হোসেন জানান, শহরকেন্দ্রিক কয়েকটি বিদ্যালয়ে শহীদ মিনার থাকলেও মফস্বল এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তা নেই বললেই চলে। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ জানান, জয়পুরহাটে হাতে গোনা কয়েকটি বিদ্যালয়ে শহীদ মিনার নির্মিত হয়েছে। ভবিষ্যতে শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য বিত্তবান এবং উত্সাহিত ব্যক্তিদের সহায়তায় বাকি বিদ্যালয়গুলোতে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।