শহীদ মিনারে এসে বিতর্কে জড়ালেন সাংসদ লতিফ
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিতে এসে পুলিশের সঙ্গে আবারও বিতর্কে জড়ালেন চট্টগ্রামের সাংসদ এম এ লতিফ। এ সময় শহীদ মিনারের বেদিতে কর্তব্যরত কোতোয়ালি থানা পুলিশের এক সার্জেন্টের সঙ্গে তিনি অশোভন আচরণ করেন বলে অভিযোগ উঠেছে।পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাত একটার দিকে তিনি শহীদ মিনার ত্যাগের সময় ওই সার্জেন্টের মাথায় হাত বুলিয়ে দেন। তবে পুলিশ সার্জেন্ট হাফিজ এ বিষয়ে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। সাংসদ লতিফ বলেন, সামান্য ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছুই হয়নি।জানা গেছে, একুশের প্রথম প্রহরে সাড়ে ১২টা নাগাদ পুষ্পমাল্য প্রদানের জন্য নির্ধারিত লাইনের বাইরে গিয়ে সাংসদ ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি এম এ লতিফ তাঁর কর্মীদের নিয়ে শহীদ মিনারে আসেন।পুষ্পস্তবক প্রদান শেষে শহীদ মিনারের ওপরে দায়িত্বরত পুলিশ সদস্যরা লতিফের সঙ্গে আসা কর্মীদের সরিয়ে দিতে গেলে এম এ লতিফ বাদানুবাদে লিপ্ত হন এবং পুলিশ সার্জেন্ট হাফিজের সঙ্গে অশোভন আচরণ করেন। পরে তিনি শহীদ মিনারের ঘোষণা মঞ্চে অবস্থান নেন। ঘটনাস্থলে উপস্থিত সিএমপির কোতোয়ালি জোনের সহকারী কমিশনার হেলাল উদ্দিন বলেন, ভিড়ের মধ্যে হয়তো কিছুটা ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে।এর আগে সাংসদ লতিফ চট্টগ্রাম থেকে বিমানে ঢাকা যাওয়ার সময় পুলিশের অতিরিক্ত আইজি নব বিক্রম কিশোর ত্রিপুরার সঙ্গে অশোভন আচরণ এবং বন্দর এলাকায় একজন পুলিশ সদস্যকে লাঞ্ছিত করেন।