শহীদ মিনারে কাল গণ-অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের নাগরিক সমাজ, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও-কর্মী, মুক্তিযোদ্ধা পরিবারসহ সবাইকে কেন্দ্রীয় শহীদ মিনারের গণ-অনশন কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। সড়ক দুর্ঘটনা রোধসহ ১৪ দফা দাবিতে কাল শনিবার প্রতীকী এই গণ-অনশন কর্মসূচি পালিত হবে। ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান। নিসচাই এই গণ-অনশন কর্মসূচির আয়োজন করেছে।গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চন গণ-অনশন কর্মসূচিতে অংশ নিতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতিও আহ্বান জানিয়েছেন।সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘যখনই বড় কোনো সড়ক দুর্ঘটনা ঘটেছে, তখনই আমি শোকাহতদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। এবার আমার ডাকে আপনাদের সাড়া দেওয়ার পালা।’১৯ বছর ধরে নিরাপদ সড়কের জন্য আন্দোলন করছেন জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘ছয় ঘণ্টার প্রতীকী অনশনে যাঁরা অংশগ্রহণ করতে পারবেন না, তাঁরা দিনের যেকোনো সময় অন্তত একবার এসে আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করে যাবেন।’এক প্রশ্নের জবাবে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নিরাপদ সড়ক চাই—এই সামাজিক আন্দোলন নিয়ে ভুল-বোঝাবুঝির অবকাশ নেই। আমাদের আন্দোলন কারও বিরুদ্ধে নয়, এ আন্দোলন সড়ক দুর্ঘটনার বিরুদ্ধে।’আন্দোলন থামাতে তাঁকে দেওয়া হুমকি বিষয়ে আইনি পদক্ষেপ নিয়েছেন কি না, জানতে চাইলে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘ভাষার জন্য, দেশের স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছেন, তাঁদের জীবনের বিনিময়ে আজ আমরা স্বাধীন। আমার জীবনের বিনিময়ে যদি সড়ক নিরাপদ হয়, ওই মৃত্যুতে আমার দ্বিধা নেই।’১৪ দফা দাবির মধ্যে আছে, প্রভাবশালীদের চাপে চালক লাইসেন্স দেওয়া বন্ধ করা, লাইসেন্সের জন্য আবেদনের ন্যূনতম যোগ্যতা এসএসসি পাস নির্ধারণ, পাঠ্যবইয়ে সড়ক ও যানবাহন ব্যবহারের বিষয় অন্তর্ভুক্ত করা, সব জেলায় ড্রাইভিং ও মেকানিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা, দণ্ডবিধির ৩০৪-এর ক, খ এবং ২৭৯ ধারা বাতিল করে ৩০৪ ধারা পুনর্বহাল, দুর্ঘটনার জন্য চালকসহ সব পক্ষকে আইনের আওতায় আনার জন্য দণ্ডবিধিতে নতুন ধারা সংযোজন, ট্রাফিক আইন ভঙ্গ করার জন্য তাৎক্ষণিক শাস্তি ও নগদ অর্থদণ্ডের আইন করা উল্লেখযোগ্য। এই ১৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ১৩ অক্টোবর সারা দেশে ৫০ স্থানে নিচসার পক্ষ থেকে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেওয়া হয়। ওই দিন কেন্দ্রীয়ভাবে যোগাযোগমন্ত্রীকেও স্মারকলিপি দেওয়া হয়। এর আগে ২৪ আগস্টও যোগাযোগমন্ত্রীকে নিরাপদ সড়কের দাবিতে স্মারকলিপি দেয় নিসচা।সংবাদ সম্মেলনে নিসচার শামীম আলম, উম্মে আরা মিতা, আবুল কালাম আযাদ, নাসিম রুমি, মো. গণি মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।