শহীদ মিনারে প্রতিবাদী সমাবেশে যোগ দিন: আবুল মকসুদ
সড়ক দুর্ঘটনায় নিহত মিশুক মুনীরের স্ত্রী মঞ্জুলী কাজী বলেছেন, ‘আমাদের পাশে কোনো রাজনীতিবিদ থাকবেন না। কারণ রাজনীতিবিদেরা নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। কাজেই বেঁচে থাকার জন্য আমাদেরই লড়তে হবে।’ঈদের দিন শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আজ সোমবার কথাগুলো বলেন মঞ্জুলী কাজী। সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘরে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ছাত্র-শিক্ষক-পেশাজীবী-জনতা। সংবাদ সম্মেলনে ঈদের আগেই যোগাযোগমন্ত্রীর অপসারণসহ সাত দফা দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে মূল বক্তব্য দেন লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। তিনি বলেন, ‘বাংলাদেশে সড়ক দুর্ঘটনা জ্যামিতিক হারে বেড়েছে। স্কুলপড়ুয়া শিশু থেকে বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার—কেউই এই হত্যাযজ্ঞ থেকে রেহাই পাচ্ছে না। আমরা যে কেউ যেকোনো দিন এর নির্মম শিকার হয়ে যেতে পারি। তাই বিবেকের তাড়নায় আমরা গড়ে তুলেছি ছাত্র-শিক্ষক-পেশাজীবী-জনতা। আমরা এ রাষ্ট্রে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই।’আবুল মকসুদ বলেন, ‘আমরা ২৪ আগস্ট শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করে বলেছি, তারেক মাসুদ ও মিশুক মুনীরের নিহত হওয়ার দায় রাষ্ট্রকে স্বীকার করতে হবে। প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি ছিল, ৩১ আগস্টের মধ্যে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে পদচ্যুত করতে হবে। গত কয়েক দিনে সারা দেশের অসংখ্য মানুষের কাছ থেকে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। তাঁদের সমর্থন আমাদের কাজ ও দায়িত্বকে আরও বাড়িয়ে দিয়েছে।’আবুল মকসুদ বলেন, ‘কোনো সভ্য রাষ্ট্রে দুর্ঘটনা ঘটলে দায়িত্বপ্রাপ্ত কর্তাব্যক্তি দায় স্বীকার করে নিজ পদ থেকে সরে দাঁড়ান। বাংলাদেশে দিনের পর দিন সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে। কিন্তু আজ পর্যন্ত দায় স্বীকারের কোনো নজির স্থাপিত হয়নি। এ অভিযোগ থেকে বর্তমান বা অতীতের কোনো সরকারই মুক্ত নয়। আমরা মনে করি, এ অবস্থা চলতে দেওয়া যায় না। এই অবস্থাকে আমরা তাই চ্যালেঞ্জ করতে চেয়েছি।’আবুল মকসুদ বলেন, ‘রাজনৈতিক দলগুলোই দেশ শাসন করবে। আমরা কোনো দিন ক্ষমতার ধারেকাছেও যেতে চাই না। কিন্তু আমরা সাধারণ নাগরিকেরা সরকারের ভালো কাজের প্রশংসা করব। খারাপ কাজের নিন্দা করব। আর এ দেশের রাজনীতিবিদেরা ঘুমিয়ে আছেন। আমরা তাঁদের ঘুম ভাঙাতে চাই। এ কারণেই আমরা ঈদের দিন শহীদ মিনারের পাদদেশে দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত প্রতিবাদী অবস্থান নেব এবং আমাদের দাবি তুলে ধরব। দেশবাসীকে এই প্রতিবাদ সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।’আবুল মকসুদ বলেন, ‘শহীদ মিনার এ দেশের মানুষের অসাম্প্র্রদায়িক, ধর্মনিরপেক্ষ ও প্রতিবাদী চেতনার প্রতীক। এ জন্য প্রতিবাদের স্থান হিসেবে আমরা শহীদ মিনারকে বেছে নিয়েছি। শহীদ মিনারে আমরা কোনো ঈদ উত্সব করছি না বরং ঈদের উত্সব বর্জন করে আমরা প্রতিবাদী অবস্থান নেব।’সংবাদ সম্মেলন থেকে মোট সাত দফা দাবি জানানো হয়। এগুলো হলো: ৩১ আগস্টের মধ্যে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে পদচ্যুত করা, অবৈধ লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া বন্ধ করা, সড়ক ও পরিবহন খাতে দুর্নীতি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া, গণপরিবহনব্যবস্থায় দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিদ্যমান আইনটি কঠোর করা, চালকদের জন্য যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং সড়ক ও পরিবহনসহ প্রশাসনের সর্বস্তরে কার্যকর জবাবদিহিতার কাঠামো প্রতিষ্ঠা করা।বাংলাদেশের সম্প্রচার সাংবাদিকতার পথিকৃত্ মিশুক মুনীর। তাঁর স্ত্রী মঞ্জুলী কাজী ঈদের ছুটি কাটাতে এসেছিলেন দেশে। কিন্তু স্বামী হারিয়ে এখন তিনি বেদনা নিয়ে ঈদের আগেই চলে যাচ্ছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বলেছিলাম, আমি আপনার কাছে আমার জন্য আসিনি। আমি আমার স্বামী হারিয়েছি। কিন্তু প্রতিদিন একইভাবে আরও অনেক মানুষ মারা যাচ্ছে। কঠোর আইন করুন।’মঞ্জুলী কাজী বলেন, ‘গরু-ছাগল চিনেই একজন মন্ত্রী লাইসেন্স দেওয়ার কথা বলতে পারেন। এ কোন দেশে আমরা আছি? আমি প্রধানমন্ত্রীকে বলেছিলাম, আপনি সড়ক দুর্ঘটনা বন্ধে ব্যবস্থা নিন। কঠোর আইন করুন। কিন্তু প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, এ দেশের মানুষ নাকি সচেতন নয়। কিন্তু রাষ্ট্রের কি কোনো দায়িত্ব নেই?’মিশুক মুনীরের ভাই আসিফ মুনীর বলেন, ‘আজ পর্যন্ত আমরা মাকে ভাইয়ের কবরের কাছে নিয়ে যেতে পারিনি। আজ আমরা সবাই মিলে মাকে নিয়ে কবরে যাব। এর আগে এলাম এই সংবাদ সম্মেলনে। আমি বলতে চাই, আমরা ছাত্র-শিক্ষক-পেশাজীবী-জনতার পাশে আছি। এক দিনে বা এক মাসে হয়তো আমাদের দাবি মানা হবে না। তাই আমাদের দীর্ঘ সংগ্রামের প্রস্তুতি নিতে হবে। আমাদের এই কর্মসূচি কোনো রাজনৈতিক দলের বিপক্ষে নয়। আমরা স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই।’ সাংবাদিক ও রাজনীতিবিদসহ দেশবাসীকে উদ্দেশ করে আসিফ মুনীর বলেন, ‘আপনাদের কোনো আত্মীয় যে সড়ক দুর্ঘটনায় মারা যাবে না, তার নিশ্চয়তা কে দেবে? আমাদের তাই আন্দোলনে যেতে হবে।’সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাগর লোহানী, রোকেয়া প্রাচী, মাহমুদুজ্জামান বাবু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস ও সাংবাদিক সেলিম সামাদ।বিভিন্ন সংগঠনের সংহতি: শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে নাগরিক উদ্যোগ, তথ্য অধিকার আন্দোলন, সিটিজেন রাইটস মুভমেন্ট ও স্বদেশ চিন্তা সংঘসহ বিভিন্ন সংগঠন সংহতি প্রকাশ করেছে।