শহীদ মিনারে ফুল দিতে গিয়ে লাশ পঞ্চম শ্রেণীর ছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হলো না মেহেরপুরের রাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী সুমী আক্তারের (১০)। গতকাল বৃহস্পতিবার মেহেরপুর শহরের উপকণ্ঠ রাইপুরের রাস্তায় একটি পাওয়ার টিলারের ধাক্কায় মৃত্যু হয় শিশুটির।দুর্ঘটনার পর উত্তেজিত গ্রামবাসী দুটি পাওয়ার টিলারে আগুন ধরিয়ে দিয়ে মেহেরপুর-মুজিবনগর সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গেলে গ্রামবাসী অবরোধ তুলে নেন।রাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসরীন আক্তার জানান, স্কুলের ছেলেমেয়েদের নিয়ে শিক্ষকেরা রাইপুর সড়ক হয়ে পাশের শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছিলেন। শিক্ষার্থীদের শোভাযাত্রা গ্রামের খন্দকারপাড়ায় পৌঁছালে একটি ইটবোঝাই পাওয়ার টিলার অন্য একটি পাওয়ার টিলারকে অতিক্রম করতে যায়। এ সময় শোভাযাত্রার পেছনে থাকা সুমী আক্তারকে ধাক্কা দেয় পাওয়ার টিলারটি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে রাইপুর গ্রামের আবদুল ওহাবের মেয়ে। শিক্ষকেরা জানান, চোখের সামনে সহপাঠীর করুণ মৃত্যু দেখে শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়ে। তারা আর শহীদ মিনারে ফুল দিতে যেতে পারেনি। হাতে থাকা ফুল দিয়ে তারা সহপাঠীর প্রতি শেষ শ্রদ্ধা জানায়।নাসরীন আক্তার জানান, সুমী আক্তারের মৃত্যুতে বিদ্যালয়ে দুই দিনের শোক ও কালো পতাকা উত্তোলনের ঘোষণা দেওয়া হয়েছে।