শহীদ মিনারের পাশে জাদুঘর প্রতিষ্ঠার সময় এক বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ মিনারের পাশে গ্রন্থাগারসহ জাদুঘর প্রতিষ্ঠা করা সংক্রান্ত হাইকোর্টের নির্দেশনা ২০১৩ সালের ৩১ জানুয়ারির মধ্যে বাস্তবায়ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। সংস্কৃতি ও পূর্তসচিবের প্রতি ওই নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।আজ রোববার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।জানা গেছে, কেন্দ্রীয় শহীদ মিনারের পবিত্রতা ও মর্যাদা রক্ষা এবং শহীদ মিনারের পাশে জাদুঘর স্থাপনের নির্দেশনা চেয়ে পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১০ সালের ২৫ আগস্ট হাইকোর্ট কয়েক দফা নির্দেশনা দিয়ে রায় দেন। এর মধ্যে শহীদ মিনারের পাশে একটি গ্রন্থাগারসহ জাদুঘর প্রতিষ্ঠা করা এবং ওই জাদুঘরে ভাষা-আন্দোলনের ইতিহাসসমৃদ্ধ তথ্যপঞ্জিকা রাখার নির্দেশনা ছিল। অন্য নির্দেশনায় ভাষাসৈনিকদের প্রকৃত তালিকা তৈরি করে ২০১২ সালের ৩১ জানুয়ারির মধ্যে গেজেট আকারে তা প্রকাশ করার কথাও বলা হয়। কিন্তু দ্বিতীয় নির্দেশনা প্রতিপালন না করায় আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টে সংগঠনটির পক্ষে সম্প্রতি একটি আবেদন করা হয়। শুনানির পর ১৩ ফেব্রুয়ারি আদালত এ বিষয়ে ব্যাখ্যা জানাতে সংস্কৃতিসচিবকে হাজির হতে নির্দেশ দেন। পূর্তসচিবকে নির্দেশনা বাস্তবায়নের প্রতিবেদন দিতে বলা হয়। এ নির্দেশনা অনুসারে আজ সংস্কৃতিসচিব আদালতে হাজির হন।আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।আদালত সূত্র জানায়, আজ সংস্কৃতিসচিবের পক্ষ থেকে জানানো হয়, এরই মধ্যে ভাষাসৈনিকদের তালিকা তৈরি করা হয়েছে। এটা গেজেট আকারে প্রকাশের জন্য পাঠানো হয়েছে। এ ছাড়া আদালতের নির্দেশনা-সংক্রান্ত সাইনবোর্ড টানানো হয়েছে বলে পূর্তসচিবের পক্ষ থেকে জানানো হয়। তবে শুনানিকালে জাদুঘর প্রতিষ্ঠা-সংক্রান্ত নির্দেশনা এখনো বাস্তবায়িত হয়নি বলে রিট আবেদনকারী পক্ষ জানায়। পরে আদালত জাদুঘর প্রতিষ্ঠা-সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়ন করতে সময় বেধে দেন।পরে মনজিল মোরসেদ প্রথম আলো অনলাইনকে বলেন, আদালত সংস্কৃতি ও পূর্তসচিবকে অব্যাহতি দিয়েছেন। তবে শহীদ মিনারের পাশে গ্রন্থাগারসহ জাদুঘর প্রতিষ্ঠা করা সংক্রান্ত নির্দেশনা আগামী বছরের ৩১ জানুয়ারির মধ্যে বাস্তবায়ন করতে পূর্ত ও সংস্কৃতিসচিবকে নির্দেশ দিয়েছেন।