শহীদ মিনারের রাঙা পলাশের ডালগুলো কেটে ফেলা হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালরঙা পলাশগুলো রাঙিয়ে রাখত কেন্দ্রীয় শহীদ মিনার। শহীদ মিনারের বেদি আর পলাশ ফুলে সৃষ্টি হতো অন্য রকম এক আবহ। এ যেন রক্তে রাঙা একুশ। কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিসংলগ্ন ছয়টি পলাশগাছের ডাল ফুলসহ কেটে ফেলা হয়েছে। কখন, কারা এই ডালগুলো কাটল কেউই স্পষ্ট বলতে পারছে না। শহীদ মিনারে গতকাল শুক্রবার গিয়ে দেখা যায়, ডাল ও ফুলহীন গাছগুলো কেবল কাণ্ড নিয়ে দাঁড়িয়ে আছে। হারিয়ে গেছে তার সব সৌন্দর্য। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, টেলিভিশনের ক্যামেরায় সঠিক চিত্র ধারণের জন্য ডালগুলো ছেঁটে ফেলা হয়েছে। এ নিয়ে অনেকের মনেই ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বছরের একুশে ফেব্রুয়ারি উদ্যাপন ঘোষণা মঞ্চ উপকমিটির প্রধান এম এ মালেক প্রথম আলোকে জানান, ঘোষণা মঞ্চ থেকে বেদির ওপরের কার্যক্রম স্পষ্টভাবে দেখা এবং টেলিভিশন ক্যামেরার ফোকাসিং ঠিক রাখতে প্রতিবছরই ডালগুলো কেটে ফেলা হয়। এবারও সে কারণেই কাটা হতে পারে। গণপূর্ত অধিদপ্তর সাধারণত এ কাজগুলো করে থাকে। তবে যেই করুক, গাছের সব ডাল এভাবে কেটে ফেলার কথা নয়। এমন কোনো নির্দেশও কাউকে দেওয়া হয়নি। বিষয়টি জানতে পূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ ইয়ামিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, গাছগুলো কাটার ব্যাপারে তাঁর কিছুই জানা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞানের অধ্যাপক সৈয়দ হাদিউজ্জামান বলেন, রক্তে রাঙা একুশ এবং জাতিগত চেতনার কথা ভেবে গাছগুলো লাগানো হয়েছে। কাজেই এভাবে ডালগুলো কাটা উচিত হয়নি। আর এভাবে ডাল কেটে ফেললে গাছগুলো সঠিকভাবে বেড়ে উঠতে পারবে না।