শহীদ মিনারের সামনে আন্দোলনকারীরা শপথ নিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য এবং সহ-উপাচার্যের অপসারণের দাবিতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নিয়েছেন কয়েক হাজার সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী। গতকাল শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে হাত উঁচু করে তাঁরা শপথবাক্য পাঠ করেন। আজ তাঁরা মৌন মিছিল করে বঙ্গভবন অভিমুখে যাত্রা করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানকে স্মারকলিপি দেওয়ার জন্য। চলমান আন্দোলনকে অযৌক্তিক দাবি করে গতকালই প্রথমবারের মতো মাঠে নেমেছেন উপাচার্যপন্থী কিছু শিক্ষক-শিক্ষার্থী। বুয়েট ক্যাফেটেরিয়ার সামনে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের ব্যানারে তাঁরা সমাবেশ করেন। এর ফলে চলমান আন্দোলনে গতকাল থেকে নতুন মাত্রা যোগ হয়েছে। আজ রোববার বিকেল পাঁচটায় আবারও সমাবেশের ঘোষণা দিয়েছে উপাচার্য সমর্থক ঐক্য ফোরাম।বুয়েট শিক্ষক সমিতির আহ্বানে ১৬টি অভিযোগে উপাচার্য এম নজরুল ইসলাম ও সহ-উপাচার্য হাবিবুর রহমানের অপসারণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি চলছে। গতকাল ছিল চতুর্থ দিন। কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করলেও শিক্ষক-শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছেন। রোদ-বৃষ্টির মধ্যে খোলা জায়গায় এই অবস্থান চললেও সরকার বা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল পর্যন্ত সংকট নিরসনে নতুন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকালে আন্দোলনের পক্ষে স্বাক্ষর সংগ্রহ শুরু করেন শিক্ষার্থীরা। এরপর বেলা ১১টায় বুয়েট শিক্ষক সমিতির নেতৃত্বে মৌন মিছিল বের হয়। মিছিলটি লক্ষ্মীবাজার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশ শেষে আন্দোলনকারীদের শপথবাক্য পাঠ করান সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। এ সময় উপস্থিত সবাই তাঁর সঙ্গে হাত উঁচিয়ে শপথ পাঠ করেন।শপথবাক্যে বলা হয়, ‘আমাদের ঐতিহাসিক জাতীয় সংগ্রামের প্রতীক কেন্দ্রীয় শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা শপথ নিচ্ছি যে আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান বুয়েটকে ধ্বংসের হাত থেকে রক্ষা করব। এ জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে আমরা প্রস্তুত। বুয়েটকে রক্ষার তাগিদে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী তথা বুয়েট পরিবারের যে ইস্পাতদৃঢ় ঐক্য গড়ে উঠেছে, তা আমরা যেকোনো মূল্যে রক্ষা করব।’চলমান আন্দোলনে বহিরাগতরা অংশ নিচ্ছে—এমন অপপ্রচারের প্রতিবাদে শহীদ মিনারে সমবেত শিক্ষার্থীরা তাঁদের পরিচয়পত্র প্রদর্শন করেন। সমাবেশ থেকে পুনরায় মৌন মিছিলসহ ক্যাম্পাসে ফিরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষক-শিক্ষার্থীরা।সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, বুয়েটকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য অবশ্যই উপাচার্য ও সহ-উপাচার্যকে অপসারণ করতে হবে। এ ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে তিনি বলেন, কোনো অবস্থায় বুয়েটের সুনাম ও ঐতিহ্য রক্ষায় আন্দোলনকারীরা পিছু হটবে না। উপাচার্য-সমর্থক কিছু শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী বিকেল সোয়া পাঁচটার দিকে বুয়েট ক্যাফেটেরিয়ার সামনে সমাবেশ করেছেন। শিক্ষার্থীদের প্রায় সবাই ছিলেন ছাত্রলীগের নেতা-কর্মী। যদিও ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটি নেই।শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের ব্যানারে আয়োজিত ওই সমাবেশ থেকে প্রশাসনবিরোধী আন্দোলনকে অবৈধ বলে ঘোষণা দেওয়া হয়। তাঁরা ব্যানারে আন্দোলনকারীদের উদ্দেশ করে প্রশ্ন রাখেন, ‘সহ-উপাচার্য নিয়োগের আগে থেকেই কেন কিছু আন্দোলনকারী শিক্ষক স্বাক্ষর অভিযান করেছিলেন? তাঁরা কি নিজেরাই সহ-উপাচার্য হতে চেয়েছিলেন?’ আরেকটি প্রশ্ন ছিল, ‘বুয়েটে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের ভূতাপেক্ষ নিয়োগ চালু করেছিলেন সাবেক উপাচার্য এম এম শফিউল্লাহ, তাহলে এখন এ নিয়োগ নিয়ে অহেতুক প্রশ্ন তোলা হচ্ছে কেন?’ এ ছাড়া ছাত্রদের ভয়ভীতি দেখিয়ে শিক্ষক আন্দোলনের সঙ্গে যুক্ত করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়। সমাবেশে শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মুনাজ আহমেদ বলেন, গত বছর বুয়েট শিক্ষক সমিতি শিক্ষকদের অবসরের সময়সীমা ৬৫ বছর করার জন্য আন্দোলনে নেমেছিলেন। অথচ এর আগেই প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরির বয়সসীমা ৬৫ বছর করা হবে। তাহলে কেন তাঁরা আন্দোলন করেছিলেন? তিনি বলেন, প্রশাসনে এমন কোনো অনিয়ম হয়নি, যার জন্য উপাচার্যের পদত্যাগ চেয়ে আন্দোলন করতে হবে। সমাবেশে অন্যান্যের মধ্যে পুরকৌশল বিভাগের অধ্যাপক আবদুল জব্বার, সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ মিজানুর রহমান, সহকারী প্রাধ্যক্ষ কায়েস বিন জামান প্রমুখ বক্তব্য দেন।