শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের আকুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা আবদুল জব্বারের পরিবার স্বাধীনতার ৩৯ বছর অতিবাহিত হলেও মুক্তিযোদ্ধা ভাতা পায়নি। ভাতা না পেয়ে অসহায় পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও তারা ব্যর্থ হয়েছে।২৯ সেপ্টেম্বর শহীদ আবদুল জব্বারের স্ত্রী আনোয়ারা বেওয়া (৬৫) কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘যুদ্ধ করে মারা গেলেন তিনি। এখন আমরা না খায়া থাকি। ১৯৮৮ সালে ঢাকা থেকে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা মনিরুজ্জামান ভূঁইয়া এসে আমার সঙ্গে দেখা করেন। ভাবছিলাম ভাতা হবে। এরপর আর কোনো খোঁজ নাই। আমি অন্যের বাড়িতে কাজ করে, রাস্তায় মাটি কেটে সংসার চালাই। কাজ না থাকলে উপাস থাকি।’ ভূরুঙ্গামারী উপজেলার ঈশ্বর বড়ুয়া গ্রামের শহীদ আবদুল জব্বার পাকিস্তান সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি করতেন। তিনি ১৯৭১ সালের ফেব্রুয়ারিতে দুই মাসের ছুটিতে বাড়িতে আসেন। এ সময় যুদ্ধ শুরু হলে তিনি স্থানীয় মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন।১৯৭১ সালের ২৭ মে দুটি গাড়িতে করে মুক্তিযোদ্ধাদের খাবার, গোলাবারুদ নিয়ে কুড়িগ্রামের ধরলা নদীর পূর্ব পারে যাওয়ার পথে চণ্ডীপুর নামক স্থানে পাকিস্তান সেনাবাহিনীর অ্যাম্বুসে পড়ে মুক্তিযোদ্ধা আবদুল জব্বারের দল। এ সময় দলের ৩০ জন মুক্তিযোদ্ধার মধ্যে ১৭ জনই শহীদ হন। ওই স্থানেই রাস্তার পাশে তাঁদের দাফন করা হয়। বর্তমানে ওই স্থানে নির্মিত স্মৃতিফলকেও তাঁর নাম রয়েছে। এ প্রসঙ্গে ভূরুঙ্গামারীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মহিউদ্দিন মাইজভাণ্ডারী বলেন, ‘আবদুর জব্বার একজন প্রকৃত যোদ্ধা ছিলেন। কেন যে পরিবারটি মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছে না, তা আল্লাহই জানেন। তবে আমি চেষ্টা করব তাদের ভাতার ব্যবস্থা করে দিতে।’