মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের হাতে শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণে সরকার উদ্যোগ নেওয়ার কথা বলেছিল। দুই বছর ধরে প্রকল্পটি নিয়ে আলোচনা হলেও এর অনুমোদন হয়নি। এই অবস্থায় বর্তমান সরকারের বাকি মেয়াদে এই কাজটি আদৌ হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।তবে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘অবশ্যই প্রকল্পটি হবে। সমাধিস্থলের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় একটু দেরি হচ্ছে। আমরা যতগুলো সমাধিস্থল চিহ্নিত করতে পারছি, তার সবগুলোই সংরক্ষণ করা হবে।’ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে সারা দেশে মুক্তিযুদ্ধকালীন বধ্যভূমি ও গণকবর চিহ্নিতকরণ, শহীদদের নাম-পরিচয় সংগ্রহ এবং স্মৃতিস্তম্ভ নির্মাণ করার অঙ্গীকার করা হয়েছিল। এরপর মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ১৯৭১ সালের স্মৃতিবিজড়িত স্থানগুলো চিহ্নিত করে রাখার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা সঞ্চারিত করার লক্ষ্যে শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়।মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ২০১০ সালে শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণের জন্য ‘শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় ৫৭১টি সমাধিস্থল সংরক্ষণের সিদ্ধান্ত নেয়। বিষয়টি পরিকল্পনা কমিশনের অনুমোদনের জন্য পাঠানো হয়। কমিশন ওই সংখ্যা কমিয়ে ৪৫০টি করার পরামর্শ দেয়। কিন্তু মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় পরে সেটি বাড়িয়ে দুই হাজার ১৬টি সমাধিস্থল নির্মাণের প্রস্তাব করে। এ জন্য প্রকল্পের ব্যয় ধরা হয় ৩৮ কোটি ৫৫ লাখ টাকা।জানা যায়, বিভিন্ন জেলা প্রশাসনের মাধ্যমে সমাধিস্থল সংরক্ষণের স্থানও ঠিক করা হয়েছে। এর মধ্যে কবরস্থান ছাড়াও সমাধিস্থলের বেশ কিছু জায়গাও রয়েছে। মন্ত্রণালয়ের সূত্রমতে, সবচেয়ে বেশি সমাধিস্থল ব্রাক্ষণবাড়িয়ায়, ৯৫টি। এ ছাড়া গোপালগঞ্জে ৭০টি, কুষ্টিয়ায় ৪৭টি, ঝিনাইদহে ৪০টি, ফেনীতে ৩৫টি, নোয়াখালীতে ২৭টি, জামালপুরে ২৩টিসহ প্রায় সব জেলায় সমাধি রয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গত রোববার প্রথম আলোকে বলেন, প্রকল্পটি অনুমোদনের জন্য কয়েক দফায় পরিকল্পনা কমিশনে পাঠানো হলেও তারা কিছু পরামর্শ দিয়ে আবার ফেরত পাঠায়। এখন আনুষঙ্গিক কাজ শেষে আবারও প্রস্তাবটি পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। এই কর্মকর্তা বলেন, প্রকল্পটি অনুমোদন পেয়ে গেলে কাজ দ্রুত করা সম্ভব। কারণ, স্থানগুলো ঠিক করা হয়ে গেছে।বধ্যভূমি রক্ষার উদ্যোগও এগোচ্ছে না: মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যার জন্য পাকিস্তানি হানাদার বাহিনীর ব্যবহূত বধ্যভূমিগুলো সংরক্ষণের কাজেও গতি নেই। শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ প্রকল্পের সঙ্গে এ প্রকল্পটিও ২০১০ সালে হাতে নেওয়া হয়। প্রস্তাবিত প্রকল্পের আওতায় ১২৯টি বধ্যভূমি সংরক্ষণ ও সেখানে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এ জন্য স্থানও ঠিক করা হয়।মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ‘১৯৭১ সালে মহান স্বাধীনতাযুদ্ধকালে পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক গণহত্যার জন্য ব্যবহূত বধ্যভূমিগুলো সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ’ শীর্ষক প্রকল্পটি অনুমোদনের জন্য ২০১০ সালে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়। সেখান থেকে কয়েকবার নতুন তথ্য চেয়ে ফাইলটি মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়। কিন্তু এখনো অনুমোদন হয়নি। এই অবস্থায় কাজটিও অনিশ্চয়তায় পড়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এ কাজের প্রস্তাবিত ব্যয় ৫১ কোটি টাকার কিছু বেশি।উল্লেখ্য, এর আগে বিভিন্ন সময়ে দেশের ৩৫টি স্থানে বধ্যভূমি চিহ্নিত করে তা সংরক্ষণ করা হয়েছে।