শহীদউদ্দিন চৌধুরীর উন্নত চিকিৎসার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পিকারের ফোন
স্পিকার আবদুল হামিদ হরতালের সময় গ্রেপ্তার হওয়া বিএনপির সাংসদ শহীদউদ্দিন চৌধুরীর উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে আহ্বান জানিয়েছেন। আজ সোমবার দুপুরে স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রীকে টেলিফোন করে এ ব্যাপারে তাঁর সহায়তা কামনা করেন।স্পিকার আবদুল হামিদ স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, উন্নত চিকিৎসার প্রয়োজন হলে শহীদউদ্দিন চৌধুরীকে বিদেশে পাঠানোর উদ্যোগ নিতে হবে। কারণ সবার আগে গুরুত্ব দিতে হবে চিকিৎসাকে। পরে আইনে যেটা আছে, সে অনুযায়ী কাজ হবে। শহীদউদ্দিন চৌধুরীর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠাতে বিএনপির পক্ষ থেকে তাঁর কাছে আবেদন জানানো হয়েছে বলে স্পিকার জানান।জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকারকে জানান, চিকিৎসকেরা বললে অবশ্যই শহীদউদ্দিন চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।এ ব্যাপারে স্পিকার আবদুল হামিদ সাংবাদিকদের বলেন, ‘একজন সাংসদের চিকিৎসার প্রয়োজনীয়তার কথা শুনেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি কোন মামলায় গ্রেপ্তার আছেন, সেটা গুরুত্বপূর্ণ নয়। আইন নিজের পথে চলবে। তবে সবার আগে তাঁর প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছি।’এর আগে বিরোধী দলের প্রধান হুইপ জয়নাল আবদীন ফারুকের নেতৃত্বে বিএনপির সংসদীয় দলের একটি প্রতিনিধিদল স্পিকারের সঙ্গে দেখা করে এ ব্যাপারে তাঁর হস্তক্ষেপ কামনা করেন। দুপুরে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাত্কালে তাঁরা উন্নত চিকিৎসার জন্য শহীদউদ্দিন চৌধুরীকে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়ার দাবি জানান।গতকাল রোববার বিএনপির ডাকা হরতালে রাজধানীর শাহবাগে পুলিশের লাঠিপেটায় আহত ও গ্রেপ্তার হন বিএনপির এই সাংসদ। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।