শহীদউদ্দিনের চিকিৎসার বিষয়ে স্পিকারকে চিঠি
বিএনপির সাংসদ শহীদউদ্দিন চৌধুরীকে সিঙ্গাপুরে নিয়ে সুচিকিৎসার দাবি জানিয়ে স্পিকার আবদুল হামিদকে একটি চিঠি দিয়েছে বিএনপির একটি প্রতিনিধিদল। দলের প্রধান হুইপ জয়নাল আবদিনের নেতৃত্বে ১৮ জন সাংসদ আজ সোমবার স্পিকারের কাছে এ চিঠি দেন। চিঠিটি শহীদউদ্দিনের স্ত্রী পারভীন আক্তারের স্বাক্ষরিত।চিঠিতে বলা হয়েছে, শহীদউদ্দিন আগেও সিঙ্গাপুরে চিকিৎসা করিয়েছেন। আগামী ১৬ তারিখ সিঙ্গাপুরের ওই হাসপাতালে তাঁর চেকআপ করানোর কথা। গত ২৭ জুন বিএনপির ডাকা হরতাল চলাকালে সংঘর্ষে শহীদউদ্দিন আহত হন। তিনি বর্তমানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।চিকিত্সার বিষয়ে জানতে চাইলে স্পিকার আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, শহীদউদ্দিনের সুচিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে আজই একটি চিঠি দেওয়া হবে।এদিকে বিএনপির ওই প্রতিনিধিদলটি স্পিকারের কার্যালয় থেকে বের হয়ে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে একটি সংবাদ ব্রিফিং করে। এ সময় তাঁরা শহীদউদ্দিনের সুচিকিৎসার বিষয়ে স্পিকারকে চিঠি দেওয়ার বিষয়টি জানান এবং সবার সহযোগিতা কামনা করেন।