ডাকাত শহীদকে চোখে দেখেছে খুব কম মানুষ। কিন্তু তাঁর নামই আতঙ্ক। তাঁর মৃত্যুতে পুরান ঢাকার মানুষ স্বস্তি পেয়েছে। ক্রসফায়ারে নিহত এই কুখ্যাত সন্ত্রাসীকে ধিক্কার জানাতে গতকাল বুধবার এসেছিল শত শত মানুষ। তবে একাধিক এলাকাবাসী জানিয়েছে, সেখানে ‘গোলাগুলি’ নয়, বরং এক পক্ষে গুলি চালিয়েছে র্যাব। মঙ্গলবার রাতে ‘গোলাগুলি’র পর আতঙ্ক কাটিয়ে ওঠা লক্ষ্মীবাজারের সুভাষ বোস এভিনিউর বাসিন্দারা ঘটনাস্থলে এসে দেখতে পায়, নির্মাণাধীন ভবনের সরু গলিতে ফেলে রাখা রডের ওপর উপুড় হয়ে পড়ে আছে দুটি লাশ। কিছুক্ষণ আগেই ‘ক্রসফায়ারে’ নিহত হয়েছে। তাজা রক্ত আর কাদাপানি মিশে একাকার। তখনই এলাকাবাসী জানতে পারে, এঁদের একজন পুরান ঢাকার ত্রাস শহীদুল ইসলাম ওরফে ডাকাত শহীদ। মানুষের মধ্যে সাড়া পড়ে যায়। রাতেই মানুষ দলে দলে ভিড় করে লাশ দেখতে আসে।ডাকাত শহীদের লাশ দিনভর পড়ে ছিল সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) মর্গে। কোনো স্বজন না এলেও লাশ দেখার জন্য প্রচুর লোক ভিড় করে। এদের বেশির ভাগই শহীদের দ্বারা নির্যাতিত অথবা নির্যাতিতের স্বজন, চাঁদাবাজির শিকার। শহীদ বাহিনীর একসময়ের দুর্ধর্ষ শ্যুটার রাজীব ও সজীবের মা শিরিন বেগমও এসেছিলেন লাশ দেখতে। রাজীব গুপ্তহত্যার শিকার হয়েছেন বলে ধারণা করা হয়। আর সজীব নিহত হয়েছেন ‘ক্রসফায়ারে’।শিরিন বেগম বলেন, ‘আমার পোলার লাশ যহন এই মর্গ থিকা নিয়া গেছি, তহনই আমি দুয়া করছি আল্লাহ আমার পোলার বুকে যতগুলো গুলি ঢুকছে শহীদেরও যেন এ রকম হয়।’এর আগে জীবন্ত শহীদকে দেখেছে এমন কাউকে পাওয়া গেল না মর্গে। তবে শিরিন বলেন, তাঁর বড় ছেলে রাজীব একসময় তাঁকে শহীদের ছবি দেখিয়েছিলেন। সেই ছবির সঙ্গে এই লাশের মিল রয়েছে। ব্যবসায়ী বাচ্চু মিয়া বলেন, পুরান ঢাকার বড় ব্যবসায়ীরা প্রায় সবাই শহীদের চাঁদাবাজির শিকার হয়েছেন। তাঁকেও শহীদ নামে ফোন করা হয়েছিল।সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, শহীদ ও কাল্লুর লাশ শনাক্ত করেছে এলাকার লোকজন। সন্ধ্যা পর্যন্ত তাঁদের কোনো স্বজন আসেনি। লাশের কোনো ওয়ারিশ না এলে কোনো দাতব্য সংস্থাকে দাফনের জন্য দিয়ে দেওয়া হবে।র্যাবের বিজ্ঞপ্তি: গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ জানতে পারে, ডাকাত শহীদ ভারত থেকে বাংলাদেশে এসে লক্ষ্মীবাজার এলাকায় অবস্থান করছেন। শহীদকে ধরতে র্যাবের চারটি দল মাঠে নামে। মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে তিনটি মোটরসাইকেলে যাওয়া কিছু লোককে ধাওয়া করে র্যাবের দল। এদের মধ্যে দুজন আরোহী মোটরসাইকেল থেকে পড়ে যায় এবং বাকিরা পালিয়ে যায়। পড়ে যাওয়া দুজন ৫৩ সুভাষ বসু এভিনিউর একটি নির্মাণাধীন ভবনে অবস্থান নিয়ে র্যাব সদস্যদের ওপর গুলি করে। র্যাবও পাল্টা গুলি করে। উভয় পক্ষের মধ্যে প্রায় পাঁচ-ছয় মিনিট গুলিবিনিময় হয়। গোলাগুলি থেমে গেলে র্যাব ও ঘটনাস্থলে আসা পুলিশ সদস্যরা নির্মাণাধীন ভবনের নিচতলায় দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পান। সূত্রাপুর থানা পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। এঁদের একজন শহীদ আরেকজন তাঁর ঘনিষ্ঠ সহযোগী কাল্লু মিয়া ওরফে পাঞ্চি কাল্লু। সেখানে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি রিভলবার, দুটি ম্যাগাজিন এবং দুটি গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় আলমগীর রশিদ নামে একজন র্যাব সদস্য আহত হয়েছেন। তবে মঙ্গলবার রাতে ঘটনার পরপর র্যাবের দুই পরিচালকের গণমাধ্যমকে দেওয়া বক্তব্যের সঙ্গে এই বক্তব্যের গরমিল রয়েছে। এলাকাবাসী যা বলল: সুভাষ বোস এভিনিউর ৫৩ নম্বর ভবনের নিরাপত্তাকর্মী জয়নাল আবেদীন গতকাল প্রথম আলোকে বলেন, সাধারণত রাত ১২টার দিকে তিনি গলিমুখের লোহার দরজায় তালা মেরে দেন। মঙ্গলবার রাত ১২টার পর তালা মারতে গিয়ে দরজার সামনে পাঁচ-ছয়জন লোককে দাঁড়িয়ে থাকতে দেখেন। তিনি দরজা লাগাতে গেলেই দাঁড়িয়ে থাকা লোকগুলো ‘সর এখান থেকে আর বাতিটা নিভায়া দে’ বলে তাঁকে ধমকে চলে যেতে বলেন। কিছুটা ভয় পেয়ে আবার ভবনের নিচতলায় এসে রাস্তায় র্যাবের লোক দেখতে পান। কয়েক সেকেন্ডের মধ্যেই গুলির শব্দ শুরু হয়ে যায়। তখনই বিদ্যুৎও চলে যায়। ভয়ে তিনি নিচতলায় টিন দিয়ে বানানো কর্মীদের থাকার ঘরের খাটের তলায় আশ্রয় নেন।জয়নাল বলেন, ‘কাউরও কুনও গলার আওয়াজ নাই, চিৎকার নাই, খালি গুলির শব্দ। এক মিনিটের মধ্যেই শব্দ থাইমা যায়। এরপর পাবলিকের আওয়াজ পাইয়া আমি খাটের তলা থিকা বাইরায়া গলিত গিয়া দেহি দুইটা বডি পইড়া রইছে।’জয়নাল ও স্থানীয় কয়েকজন জানান, খুব বেশি হলে সাত-আটটি গুলির আওয়াজ শোনা গেছে। এবং তা এক মিনিটের বেশি স্থায়ী ছিল না।ওই ভবনের পাশের ভবনের একজন বাসিন্দা বলেন, যেভাবে প্রতিধ্বনি হয়েছে তাতে মনে হয় গলির ভেতরেই গুলি হয়েছে। পুরো ভবনই যেন কেঁপে উঠেছিল। খুব কম সময়ে পাঁচ-ছয়টি গুলির শব্দ শুনেছেন তিনি।সূত্রাপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, শহীদের শরীরে তিনটি ও কাল্লুর শরীরে দুটি গুলি লেগেছিল।সরেজমিনে দেখা গেছে, সরু গলিময় ওই এলাকার কোথাও গুলির আর কোনো চিহ্ন নেই। না গলির দেয়ালে, না উল্টোদিকের স্কুলের দেয়ালে।স্থানীয় একাধিক ব্যক্তি বলেছে, ঘটনার আগে এখানে কোনো মোটরসাইকেল তারা দেখেনি। সরুগলি ও বাঁকের কারণে এখানে এমনিতেই যান চলাচল ধীর। তা ছাড়া ওই ভবনের সামনে কোনো গতিরোধক বা রাস্তা ভাঙা নেই। র্যাবের দাবি অনুযায়ী, এখানে মোটরসাইকেল থেকে একসঙ্গে দুজনের পড়ে যাওয়ার কোনো কারণ নেই।