শহীদজায়া নূরজাহান সিরাজীর দাফন সম্পন্ন
শহীদ বুদ্ধিজীবী সিরাজুদ্দীন হোসেনের স্ত্রী নূরজাহান সিরাজীর দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বায়তুস সালাম মসজিদে জুমার নামাজের পর তাঁর জানাজা হয়। জানাজা শেষে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নূরজাহান সিরাজী ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। শহীদজায়া নূরজাহান সিরাজী মৃত্যুর আগে পর্যন্ত যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার ছিলেন। নূরজাহান সিরাজীর মরদেহ বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালের হিমঘর থেকে আসাদ অ্যাভিনিউর বাসভবনে নেওয়া হয়। এরপর ছোট ছেলে তৌহিদ রেজা নূর প্রথম আলো ডটকমকে জানান, গত ২৫ নভেম্বর তাঁর মাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। সেখানে নূরজাহান সিরাজীকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দেওয়া হয়। আজ ভোরে তিনি মারা যান। তিনি কিডনি ও হূদরোগে ভুগছিলেন।১৯৩৮ সালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জন্ম নূরজাহান সিরাজীর। তিনি তত্কালীন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দিন মোল্লার একমাত্র বোন। মাত্র তিন বছর বয়সে মাকে হারান নূরজাহান সিরাজী। ১১ বছর বয়সে শহীদ বুদ্ধিজীবী সিরাজুদ্দীন হোসেনের সঙ্গে তাঁর বিয়ে হয়। ১৯৭১ সালে স্বামী সিরাজুদ্দীন হোসেন শহীদ হওয়ার পর আট ছেলেকে একাই বড় করে তোলেন নূরজাহান সিরাজী। তাঁর আট ছেলে হলেন, শামীম রেজা নূর, শাহীন রেজা নূর, ফাহিম রেজা নূর, নাসিম রেজা নূর, সেলিম রেজা নূর, শাহীদ রেজা নূর, জাহীদ রেজা নূর ও তৌহিদ রেজা নূর। তিনি নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আসাদ অ্যাভিনিউর বাসায় নূরজাহান সিরাজীকে শ্রদ্ধা জানিয়েছেন অধ্যাপক আনিসুজ্জামান, ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, রাজনীতিবিদ শিরীন আখতারসহ বিশিষ্ট ব্যক্তিরা।