একাত্তরের শহীদদের সঙ্গে প্রহসন না করতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তথ্যমন্ত্রী এই দাবি জানান। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ঢাকা মহানগর শাখা এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে খালেদা জিয়াকে উদ্দেশ করে জাসদের সভাপতি বলেন, ‘জামায়াতের হাত ধরে শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যাওয়া প্রহসন ছাড়া আর কিছুই নয়।’ জামায়াতের রাজনৈতিক সঙ্গীদের স্মৃতিসৌধ ও শহীদ মিনারে প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, দেশের গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব সংহত রাখতে রাজনৈতিক অঙ্গন থেকে জামায়াত-শিবিরকে নির্মূল করতে হবে। জাসদ ঢাকা মহনগর পূর্বের সভাপতি মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম সমাবেশে সভাপতিত্ব করেন। দলের স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, মোহাম্মদ খালেদ, সাংগঠনিক সম্পাদক করিম সিকদার প্রমুখ এতে বক্তব্য দেন। সমাবেশ শেষে একটি মিছিল নগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।