আপিল বিভাগ দুর্নীতির মামলায় সাবেক সাংসদ মুফতি মো. শহীদুল ইসলামের সাজা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকরতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন। আজ মঙ্গলবার হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ চেয়ে সরকারপক্ষের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এ বি এম খায়রুল হক এ আদেশ দেন।একই সঙ্গে এ সময়ের মধ্যে সরকারপক্ষকে নিয়মিত লিভ-টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলা হয়েছে।জানা যায়, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৫ আগস্ট দুর্নীতি দমন কমিশন অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মুফতি শহীদুলের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করে। ২০০৮ সালের ১৯ মার্চ বিচারিক আদালত তাঁকে ১০ বছরের কারাদণ্ড দেন। পরে এই সাজার বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন। চলতি বছরের ১৬ আগস্ট আদালত আপিল মঞ্জুর করে তাঁর সাজার রায় বাতিল ঘোষণা করেন।এ ব্যাপারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায়ের কার্যকরতা আপিল বিভাগ স্থগিত করায় এখন শহীদুল ইসলামকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। আপিল বিভাগের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে লিভ-টু আপিল করা হবে বলেও তিনি জানান।