শহীদুল্লা কায়সারকে মুঈনুদ্দীনের হাতে তুলে দেন খালেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষী ও শহীদ সাংবাদিক শহীদুল্লা কায়সারের স্ত্রী পান্না কায়সার (৬৩)। জবানবন্দিতে তিনি বলেছেন, একাত্তরের ১৪ ডিসেম্বর সন্ধ্যায় খালেক মজুমদারসহ কয়েকজন তাঁর স্বামীকে ধরে নিয়ে যায়। খালেক তাঁর স্বামীকে মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের হাতে তুলে দেয়।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ পান্না কায়সারের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান। জবানবন্দি দেওয়ার সময় সাক্ষী বারবার আবেগাপ্লুত হয়ে পড়েন।জবানবন্দিতে পান্না কায়সার বলেন, তিনি ১৯৯৬ সালে বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে রাজধানীর বদরুননেসা কলেজ থেকে অবসর নেন। শহীদুল্লা কায়সার বিভিন্ন প্রগতিশীল ছাত্রসংগঠনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। তিনি ১৯৬৩ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে দৈনিক সংবাদ-এর যুগ্ম সম্পাদক পদে যোগ দেন। সেখানে তিনি পথচারী ও দেশপ্রেমিক ছদ্মনামে কলাম লিখতেন। ১৯৬৯ সালের একদিন কারফিউ চলাকালে তাঁদের বিয়ে হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে এক কারফিউর দিনেই শহীদুল্লা কায়সার তাঁর জীবন থেকে চলে যান।রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, তাঁর স্বামী গোপনে মুক্তিযোদ্ধাদের কাছে ওষুধ ও অর্থ সরবরাহ করতেন। একদিন তিনি স্বামীকে বলেন, তাঁর শিশুরা দুধ খেতে পারছে না। শহীদুল্লা কায়সার তখন সন্তানদের চাল বেটে খাওয়াতে বলেন। অথচ একদিন দেখেন, তাঁর স্বামী বেশ কিছু টাকা একজন মুক্তিযোদ্ধার হাতে তুলে দিচ্ছেন। তিনি বলেন, একাত্তরের নভেম্বরের শেষ দিকে স্বামী বিভিন্ন স্থানে থাকার পর আবার কায়েতটুলীর বাড়িতে মায়ের কাছে ফিরে আসেন। চারদিকে আলবদর ও রাজাকারদের অত্যাচার বেড়ে গেলে তিনি ১৩ ডিসেম্বর নিরাপত্তার জন্য বাড়ি ছেড়ে চলে যান। কিন্তু কিছুক্ষণ পরই ফিরে আসেন। ১৪ ডিসেম্বর কারফিউ শিথিল না হওয়ায় শহীদুল্লা কায়সার বাড়িতেই থেকে যান। ওই দিন স্বামী তাঁকে একটি চিরকুট দেন। সেখানে লেখা ছিল, ‘পান্না, আমি যদি কোনো দিন না থাকি, তাহলে তুমি সন্তানদের আমার আদর্শে মানুষ করবে।’ এটুকু পড়েই তিনি চিরকুটটি ছিঁড়ে ফেলে চিৎকার করে ওঠেন। বলতে বলতে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।পান্না কায়সার বলেন, ১৪ ডিসেম্বর বিকেলে বাড়ির বারান্দায় তিনি দাঁড়িয়ে দেখেন, কয়েকজন যুবক তাঁদের বাড়ি দেখিয়ে দিচ্ছেন। সন্ধ্যায় স্বামীর পাশে সোফায় ছয় মাস বয়সী ছেলে অমিতাভ কায়সার শুয়ে ছিল। তিনি মেঝেতে বসে দেড় বছরের মেয়ে শমী কায়সারকে ফিডারে দুধ খাওয়াচ্ছিলেন। এ সময় তাঁর দেবর ওবায়দুল্লাহ বলেন, দরজায় কড়া নাড়ার শব্দ হচ্ছে। কী করব? শহীদুল্লা কায়সার বলেন, মুক্তিযোদ্ধা এসেছে, দরজা খুলে দাও।’ এক-দুই মিনিট পর চার-পাঁচজন মুখবাঁধা আগন্তুক ঘরে এসে জানতে চায়, শহীদুল্লা কায়সার কে? তাঁর স্বামী স্পষ্টভাবে নিজের পরিচয় দিলে আগন্তুকদের একজন স্বামীর হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। তিনিও স্বামীর হাত ধরে টানতে থাকেন। এ অবস্থায় বারান্দায় গেলে তিনি এক হাত দিয়ে বারান্দার বাতি জ্বালান। তাঁর ননদ সাহানা এগিয়ে এলে তাঁরা দুজনে মিলে আগন্তুকদের একজনের মুখের কাপড় খুলে ফেলেন। পরে অস্ত্রের মুখে তাঁর স্বামীকে কাদামাখা একটি মাইক্রোবাসে করে নিয়ে যায়।রাষ্ট্রপক্ষের সাক্ষী আরও বলেন, স্বামীর খোঁজে তিনি কোতোয়ালি থানায় টেলিফোন করলে এক পাকিস্তানি মেজর জানান, তাঁর স্বামী তাঁদের কাছে আছে। জিজ্ঞাসাবাদ করে ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু স্বামী ফিরে না এলে ১৬ ডিসেম্বর তিনি দেবর জাকারিয়া হাবিবকে নিয়ে রায়েরবাজার বধ্যভূমিতে যান। সেখানে অনেক শহীদ পরিবারকে দেখেন। বধ্যভূমির কাদাপানিতে অনেক খুঁজেও লাশ পাননি। সেখানেই তিনি সিদ্ধান্ত নেন, শহীদুল্লা কায়সার তাঁর অন্তরেই থাকবেন।পান্না কায়সার বলেন, স্বাধীন হওয়ার পর জহির রায়হান ফিরে এসে ভাইকে (শহীদুল্লা কায়সার) বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। একপর্যায়ে এক ব্যক্তিকে তিনি বাড়িতে ধরে আনেন। তাকে তিনি চিনতে পারেন। স্বামীকে ধরে নিয়ে যাওয়ার সময় তিনি ও সাহানা যে ব্যক্তির মুখের কাপড় খুলেছিলেন, তিনিই ওই ব্যক্তি। জানলেন, তার নাম খালেক মজুমদার। ওই সময় খালেক মজুমদার তাঁদের জানান, তিনি তাঁর স্বামীকে ধরে নিয়ে মুঈনুদ্দীনের হাতে তুলে দিয়েছেন। ১৯৭২ সালে খালেক মজুমদারের বিচার শুরু হলে আদালতে খালেক বলেন, শহীদুল্লা কায়সারকে তিনি ধরে নিয়ে মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের হাতে তুলে দেন।উল্লেখ্য, ওই মামলায় নিম্ন আদালতে খালেক মজুমদারের সাজা হয়েছিল।জবানবন্দি শেষে পান্না কায়সারকে জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান ও সালমা হাই। জেরার একপর্যায়ে আইনজীবী মত (সাজেশন) দেন, আপনার স্বামী হত্যায় খালেক জড়িত ছিলেন। তিনি আপনার স্বামীকে পাকিস্তানি সেনাদের হাতে তুলে দিয়েছেন। এতে মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান জড়িত ছিলেন না। জবাবে সাক্ষী বলেন, এটি সত্য নয়।জেরা শেষে এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।