শহুরে বিবাহিত নারীদের ১৪ শতাংশ আত্মহত্যার কথা ভাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শহর এলাকায় প্রজননক্ষম বিবাহিত নারীদের ১৪ শতাংশ আত্মহত্যা করার কথা ভাবেন। সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য পাওয়া গেছে। গবেষণায় এই আত্মহত্যা-প্রবণতার পেছনে পারিবারিক নির্যাতনকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। জানা গেছে, প্রতিবেশী কয়েকটি দেশে নারীদের চেয়ে পুরুষদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর-বি) ‘জেন্ডার, হিউম্যান রাইটস অ্যান্ড হেলথ প্রোগ্রাম’-এর প্রধান রুচিরা তাবাসসুম নভেদ ও তাঁর সহযোগীদের করা ‘স্পাউজাল ভায়োলেন্স এগেইনস্ট উইমেন অ্যান্ড সুইসাইডাল আইডিয়েশন ইন বাংলাদেশ’ শীর্ষক ওই গবেষণালব্ধ তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রজননক্ষম বিবাহিত নারীদের মধ্যে গ্রামের ১১ শতাংশ ও শহরের ১৪ শতাংশ নারী আত্মহত্যার চিন্তা করেন। যাঁরা আত্মহত্যার চিন্তা করেন, তাঁদের মধ্যে শহরের ২৬ শতাংশ ও গ্রামের ৯ শতাংশ নারী আত্মহত্যা করেন।গ্রামীণ ১৮ শতাংশ ও শহুরে ১৫ শতাংশ নারী আত্মহত্যার চিন্তার কারণ হিসেবে স্বামীর চরম শারীরিক নির্যাতনের কথা গবেষকদের কাছে উল্লেখ করেন। গবেষণার তথ্য অনুযায়ী, প্রজননক্ষম বিবাহিত নারীদের শতকরা ৪০ ভাগ স্বামীর হাতে শারীরিক নির্যাতনের শিকার। বিবাহিত জীবনে যৌন নির্যাতনের পাশাপাশি শহরের ৪৪ শতাংশ এবং গ্রামের ৩১ শতাংশ নারী মানসিক নির্যাতনেরও শিকার হন।‘বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে ২০০৭’-এর তথ্য মতে, বিবাহিত পুরুষদের প্রায় ৬০ শতাংশ দাম্পত্য জীবনে কোনো না কোনো সময় স্ত্রীকে শারীরিক নির্যাতন করেন। বিভিন্ন গবেষণায় গবেষকেরা নারীদের আত্মহত্যার পেছনে ওই নির্যাতনের সম্পর্ক খুঁজে পেয়েছেন।রুচিরা তাবাসসুম নভেদ প্রথম আলোকে বলেন, বর্তমানে নারীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। শারীরিক ও মানসিক নির্যাতন এর কারণ। তাই নির্যাতন প্রতিরোধ করা গেলে নারীদের আত্মহত্যা কমানো সম্ভব হবে। তিনি আত্মহত্যাকে জনস্বাস্থ্য সমস্যা হিসেবে উল্লেখ করে এ বিষয়টির প্রতি নজর দেওয়ার জন্য নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানান।নারীরা এগিয়ে: ‘স্পাউজাল ভায়োলেন্স এগেইনস্ট উইমেন অ্যান্ড সুইসাইডাল আইডিয়েশন ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণায় এ দেশে নারীদের মধ্যে আত্মহত্যার প্রবণতাকে প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক বেশি বলে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, পাকিস্তান ও শ্রীলঙ্কায় নারীদের চেয়ে পুরুষেরা বেশি আত্মহত্যাপ্রবণ।আইসিডিডিআরবির তথ্য অনুযায়ী, খুলনার অভয়নগরে ১৯৮৩ থেকে ২০০২ সাল পর্যন্ত আত্মহত্যা করা নারীদের ৭৮ শতাংশই ছিলেন বিবাহিত। ২০০৫ সালের ‘বাংলাদেশ হেলথ অ্যান্ড ইনজুরি সার্ভে’র তথ্য মতে, ১৭ বছর বয়স পর্যন্ত আত্মহত্যা করাদের ৫৪ শতাংশই ছিল নারী। ১৪ বছর বয়স গ্রুপের প্রতি লাখে ১০ জন মেয়ে আত্মহত্যা করলেও ছেলেদের ক্ষেত্রে এ সংখ্যা শূন্য।আত্মহত্যার কারণ: নির্যাতনের শিকার নারীরা আত্মহত্যার ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকেন। বেশির ভাগ ক্ষেত্রে যৌতুক, বখাটেদের উত্ত্যক্ততা বা অন্য ধরনের নির্যাতন এবং কিছু ক্ষেত্রে আবেগের বশে নারীরা আত্মহত্যায় প্রবৃত্ত হন। এ ক্ষেত্রে সামাজিক অস্থিরতা, প্রতিযোগিতায় টিকে থাকা, সামাজিক মূল্যবোধের অবক্ষয় এবং পরিবারে নিরাপত্তাহীনতার মধ্যে বেড়ে ওঠার মতো বিষয়গুলো সহায়ক ভূমিকা পালন করছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দপ্তরের পরিচালক শাহীন ইসলাম বলেন, অনেক ক্ষেত্রে মেয়ের বিয়ের সময় বাবার বাড়ি থেকে বলেই দেওয়া হয়, ‘লাল শাড়ি পরে যাচ্ছ, সাদা শাড়ি পরে বাবার বাড়ি আসবে। এর আগে এখানে জায়গা হবে না।’ ফলে শ্বশুরবাড়িতে নির্যাতন সইতে সইতে একপর্যায়ে সেই মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হন। কেননা তাঁর আর ফিরে আসার পথ থাকে না।মহিলা পরিষদের আইনজীবী মাকছুদা আখতার লাইলীর মতে, আত্মহত্যার ক্ষেত্রে বৈবাহিক অবস্থা ও পরিবেশ গুরুত্বপূর্ণ। পিতৃতান্ত্রিক মনোভাবের কারণে নারীরা আত্মহত্যার ঝুঁকির মধ্যে থাকেন। পুরুষ সঙ্গী বা স্বামীর অত্যাচার এ প্রবণতাকে তীব্রতর করে। সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা, গরম আবহাওয়া, দ্রব্যমূল্য বৃদ্ধিসহ অন্য কিছু কারণও আত্মহত্যার জন্য দায়ী।বেসরকারি সংগঠন স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার বলেন, সমাজই নারীদের আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে। নারীরা শিক্ষিত হয়ে নিজেদের সম্পর্কে সচেতন হয়ে উঠছেন। কিন্তু প্রতি পদে যখন বিড়ম্বনার শিকার হচ্ছেন তখন তা মেনে নিতে পারছেন না। প্রতিবাদের ভাষা হিসেবে আত্মহত্যা করছেন।২০০১ সালের ২৩ ডিসেম্বর রাতে নারায়ণগঞ্জের চারুকলা ইনস্টিটিউটের ছাত্রী সিমি বানু আত্মহত্যা করেন। মৃত্যুর আগে লেখা একটি চিরকুটে পাঁচ বখাটের কথা উল্লেখ করে তিনি লিখেছিলেন ‘ওদের অপমান একজন মেয়েকে রাস্তায় ফেলে রেপ করার চেয়েও নির্মম। আমার পক্ষে এই অপমান সহ্য করে আর বেঁচে থাকা সম্ভব হলো না।’সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, উত্ত্যক্ততার শিকার মেয়েরা নিজেকে দোষী ভাবেন। সমাজের মনোভঙ্গিও একই থাকে। অনেক সময় পরিবারও মেয়েটির পাশে দাঁড়ায় না। তা ছাড়া বেশির ভাগ ক্ষেত্রেই বখাটেদের পক্ষে সমাজের প্রভাবশালীরা জড়িত থাকায় প্রতিবাদ জানিয়েও লাভ হয় না। ফলে তাঁরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। মহিলা পরিষদের পরিসংখ্যান মতে, বিভিন্ন নির্যাতনের কারণে গত ১০ বছরে আত্মহত্যা করেছেন চার হাজার ৭৪৭ জন নারী। এ বছরের এপ্রিল পর্যন্তই এ সংখ্যা ছিল ৭৩ জন।জাতীয় মহিলা আইনজীবী সমিতির দেওয়া তথ্য মতে, ২০০৬ সালে পাঁচজন, ২০০৭ সালে পাঁচজন, ২০০৮ সালে নয়জন, ২০০৯ সালে সাতজন এবং চলতি বছরের মে মাস পর্যন্ত ১৪ জন শুধু ইভ টিজিংয়ের কারণে আত্মহত্যা করেছেন।প্রতিরোধ কার্যক্রম সীমিত: দেশে আত্মহত্যা প্রতিরোধে কার্যক্রম সীমিত। মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, কিশোর-কিশোরীদের ক্ষমতায়নকে গুরুত্ব দিয়ে মন্ত্রণালয়ের পরিচালিত প্রকল্প এবং মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধমূলক কার্যক্রমে আত্মহত্যা প্রতিরোধের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে। যাঁদের মধ্যে আত্মহত্যার প্রবণতা আছে, তাঁদের কাউন্সেলিং করার জন্য মহিলা অধিদপ্তরে কেন্দ্র খোলা হয়েছে।মনোরোগ চিকিৎসক মোহিত কামাল বলেন, সন্তানের কৈশোর বয়সকে অভিভাবকেরা গুরুত্ব দিচ্ছেন না। সন্তানের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে। অভিভাবকদের ইচ্ছাকে সন্তানের ওপর চাপিয়ে দিতে চাইছেন। এ বয়সী সন্তানেরা তা মানতে চাইছে না। জটিলতার সৃষ্টি হচ্ছে। এর ফলেও আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, আত্মহত্যা কোনো সমাধান নয়—এ বিষয়টি মেয়েদের বুঝতে হবে। তাঁদের প্রতিবাদ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে ইভ টিজিং প্রতিরোধে শিক্ষা মন্ত্রণালয় সামাজিক আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।