শহুরে রান্নাঘর...
মিরপুরের বাসিন্দা মাহমুদা আহম্মেদ চাকরিজীবী। অফিসে সারা দিন কাজ, আবার বাসায়ও রান্নাবান্না সারতে হয় তাঁকে। তাঁর রান্নার কাজটা সহজ করে দিয়েছে কিচেন কেবিনেট। এ বিষয়ে তাঁর ভাষ্য, ‘কিচেন কেবিনেটে রান্নার সবকিছু রাখা যায়। আলাদা করে রান্নার জিনিসপত্র টানাটানি করতে হয় না। এতে পরিশ্রম যেমন কমেছে, তেমনি সময় বেঁচেছে অনেকটা।’ তাঁর মতে, ছোট্ট রান্নাঘরের সর্বোত্তম ব্যবহারে কিচেন কেবিনেটের জুড়ি নেই।নগরে যখন জায়গা ছিল অফুরন্ত, তখন কিন্তু রান্নাঘর হতো বড় পরিসরে। ব্রিটিশ আমলে ঢাকার রান্নাঘরের চিত্র তুলে ধরলেন উর্দু রোডের বর্ষীয়সী বাসিন্দা সেলিমা রহমান। তিনি জানান, তখন বেশির ভাগই ছিল যৌথ পরিবার। রান্না বেশি হতো বলে রান্নাঘরের আকারও ছিল বড়। রান্নাঘরে চুলা থাকত দুই ধরনের। একটা লাকড়ির, আরেকটা কয়লার। রান্নাঘরের খুনতি, চামচ, চটা, ডাবর রাখার জন্য একটা বাঁশ ছিদ্র করা হতো। রান্নাঘরে শিকের মধ্যে রাখা হতো রান্না করা খাবার।পুরান ঢাকার শাঁখারীবাজারে গেলে অনেক বাসায়ই দেখা যায় পুরোনো দিনের রান্নাঘর। এখানকার শঙ্খ ব্যবসায়ী পঞ্চসুর বলেন, ‘এখন রান্নাঘর অনেক বদলাইছে। আগের দিনে রান্নাঘর ছিল জীর্ণ, আলো-বাতাস ঢুকত কম।’এখনকার আধুনিক রান্নাঘরে কিন্তু আলো-বাতাসের পর্যাপ্ত আয়োজন থাকে। এ প্রসঙ্গে রন্ধনবিদ সিতারা ফেরদৌস জানান, রান্না হলো একটা সৃজনশীল শিল্প। আর এই শিল্পের জায়গাটা হওয়া চাই মনের মতো। রান্নাঘরটা যদি হয় সাজানো-গোছানো, তবে মন ভালো থাকে, কাজও এগিয়ে যায় অনেকটা। কিচেন কেবিনেট রান্নাঘরের দরকারি আসবাব। এতে করে বিভিন্ন আকারের মসলার ডিব্বা কেবিনেটে ঢুকিয়ে রাখা যায়। আবার কেবিনেটের নিচের অংশে রাখা যায় হাঁড়ি-পাতিল। দাঁড়িয়ে রান্না করার সঙ্গে সঙ্গে যদি ধোয়ার কাজটা করা যায়, তবে রান্নার কাজ আরও অনেক এগিয়ে যায়। তাই রান্নাঘর নকশা করার সময় চুলার পাশে ধোয়ার কাজ করার জন্য ‘সিঙ্ক’ বসিয়ে নেওয়া যেতে পারে। রান্নাঘর নকশার সময় দেয়ালে লাগানো যেতে পারে টাইলস। এতে করে রান্নাঘর পরিষ্কার করতে সুবিধা হয়, আবার তা দেখতেও ভালো লাগে। রান্নাঘরের গ্যাস আর গরম বাতাস বের করে দেওয়ার জন্য কিচেন চিমনি, কিচেন হুড বা অ্যাডজাস্ট ফ্যান লাগানো যেতে পারে। সর্বোপরি রান্নাঘরটাকে নান্দনিক আর আরামদায়ক করতে পারলে রান্নার কাজটা অনেক সহজ হয়ে যায় বলে মনে করেন রন্ধনবিদ সিতারা ফেরদৌস।নগরের বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে, যাদের ফরমায়েশ দিয়ে মনের মতো কিচেন কেবিনেট নকশা করে নেওয়া যায়। অ্যাডভান্সড কিচেন সলিউশনেসর হেড অব ক্রিয়েটিভ আর্কিটেক্ট নাসরিন বীথি বলেন, ‘আজকাল অভিজাত রান্নাঘরে কেবিনেট থাকবে এটাই স্বাভাবিক। যেহেতু জায়গা কম, তাই অল্প জায়গার পূর্ণ ব্যবহার করতে চায় সবাই। আমরা ব্যক্তির চাহিদা অনুযায়ী রান্নাঘরের ডিজাইন করে থাকি। আর খরচটা হয়ে থাকে স্কয়ার ফিটের হিসাবে। মূলত ডিজাইনের ধরন, কাঠ না প্লাস্টিক দিয়ে ডিজাইন করা হচ্ছে তার ওপর নির্ভর করে খরচ।’টিভি চ্যানেলের রান্নার অনুষ্ঠানগুলোর সেটে ব্যবহূত হয় কিচেন কেবিনেট। রান্নার অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপক শারমিন লাকী বলেন, ‘আধুনিক হেঁশেল রান্নার কাজকে অনেক সহজ করে দিয়েছে। তবে এটা যথাযথ পরিষ্কার না করলে বাসা বাঁধতে পারে নানা ধরনের পোকা-মাকড় আর আরশোলা। তাই রান্নাঘর নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন।’