শহুরে রাস্তার বেহাল অবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তাটি শহরের। অথচ এর চেয়ে গ্রামের অজপাড়াগাঁয়ের রাস্তাও অনেক ভালো। বর্ষার একটুখানি বৃষ্টিতে ১৭ জুলাই বিলীন হয়েছে সৈয়দপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর নিয়ামত জুম্মাপাড়ার রাস্তাটি। এক কিলোমিটার রাস্তার তিন জায়গায় ভাঙা। ফলে ওপাশের এক হাজার পরিবার মূল শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এসব কথা বললেন ওই এলাকার বাসিন্দা সাবেক রেলওয়ে কর্মচারি আবদুর রহিম। সৈয়দপুর পৌরসভার প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, সড়কটি তিন বছর আগে নির্মিত। ইটের সোলিং ও বিটুমিন ঢেলে করা হয়েছিল পিচঢালা পাকা রাস্তা। রাস্তাটি গুরুত্বপূর্ণ। এর উভয় পাশে এক কিলোমিটার এলাকাজুড়ে প্রায় এক হাজার পরিবারের বাস। তবে রাস্তার দুই পাশে নিষ্কাশনব্যবস্থা গড়ে না ওঠায় একটুখানি বৃষ্টিতে সড়কটির তিনটি স্থানে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। নিয়ামতপুর এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন জানান, সড়কের যে এলাকায় ভাঙন দেখা দিয়েছে, তার পাশে ছিল খরস্রোতা স্বরমংলা নদী। নদীটি অনেক আগেই ভরাট হয়ে গেছে। আর উত্তর পাশে পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মচারি রাস্তার ওপরে গড়ে তুলেছেন তাঁর বসতবাড়ি। বাড়ি নির্মাণকালে পৌরসভা থেকে নেওয়া হয়নি নকশার অনুমোদন। এ প্রসঙ্গে বাড়ির মালিক আবদুল মালেক জানান, অভিযোগ ভিত্তিহীন। নকশা পাস করিয়েই তিনি বাড়ি বানিয়েছেন। তবে রাস্তার পাশে কেন জায়গা ছেড়ে দেওয়া হয়নি, এর উত্তর দেননি তিনি। এলাকাবাসী বলছেন, বাড়িটি অবৈধভাগে নির্মিত হয়েছে বলে ওই এলাকার পানিনিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। ফলে ভেঙে গেছে রাস্তাটি।এ বিষয়ে কথা হয় ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল খায়েরের সঙ্গে। তিনি বলেন, ‘রাস্তাটি ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে যাই। পরে এলাকাবাসী পৌরসভায় অভিযোগ করলে ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে সরেজমিনে জরিপ করা হয়েছে।’ সড়কটি মেরামতে একটি প্রাক্কলন (এস্টিমেট) তৈরি হয়েছে বলে জানান তিনি।সৈয়দপুর পৌরসভার মেয়র আখতার হোসেন বাদল স্বীকার করেন, এলাকাবাসী মূল শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খুব শিগগির রাস্তাটি সংস্কার করা হবে।