শহড়াবাড়ী রাস্তা এখন মরণফাঁদ
বগুড়ার ধুনট-শহড়াবাড়ী যমুনা নদীর ঘাট পর্যন্ত রাস্তাটি সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার কার্পেটিং উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। যানবাহনগুলো ওই পথে ঝুঁকি নিয়ে চলাচল করছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও যাত্রীদের। উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, রাস্তাটির দৈর্ঘ্য ১৪ কিলোমিটার। ১৯৮৯ সালে উপজেলা পল্লী উন্নয়ন-৭-এর অর্থায়নে এই রাস্তা পাকা করার জন্য চার কোটি টাকা বরাদ্দ করা হয়। ১৯৯৪ সাল পর্যন্ত চার দফা পাকা করার কাজ হয়। এর বছরখানেক পর যমুনা নদীর ভাঙনে শহড়াবাড়ী গ্রামের সামনে থেকে দুই কিলোমিটার রাস্তা নদীগর্ভে বিলীন হয়ে যায়। অবশিষ্ট ১২ কিলোমিটার সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ অংশের কার্পেটিং উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানান, রাস্তার বিভিন্ন স্থানে গর্ত হয়ে মরণফাঁদ তৈরি হয়েছে। উপজেলার ভান্ডারবাড়ী, চিকাশী ও গোসাইবাড়ী ইউনিয়নবাসীর ধুনট সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র পথ এটি। বিকল্প ব্যবস্থা না থাকায় তিন ইউনিয়নের ২৯ গ্রামের প্রায় ৭০ হাজার মানুষকে এ পথেই চলতে হচ্ছে। প্রতিদিন যমুনা নদীর পূর্ব তীর থেকে নৌপথে আসা বিভিন্ন সামগ্রী শহড়াবাড়ী ঘাট হয়ে ওই রাস্তায় উত্তরাঞ্চলের বিভিন্ন হাটবাজারে নেওয়া হয়। পথচারী হিরক বলেন, রাস্তায় গর্ত থাকায় গাড়ির ঝাঁকুনিতে পেটে ও কোমরে ব্যথা হয়ে যায়। তা ছাড়া বৃষ্টি হলে পানিতে ঢাকা গর্তে পড়ে গাড়ি উল্টে যাওয়ার ভয় থাকে।বাসচালক বাবলু মিয়া জানান, বৃষ্টিতে এবং ভারী যান চলাচল করায় রাস্তার বিভিন্ন জায়গায় গর্ত হয়েছে। এতে গাড়ি চালাতে সমস্যা হয়। গাড়ির জিনিসপত্র নষ্ট হয়ে যায়। উপজেলা প্রকৌশলী আবদুর রশিদ বলেন, ‘রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। বন্যা ও বর্ষায় কার্পেটিং উঠে গেছে। রাস্তায় ১৫ মেট্রিক টন ধারণক্ষমতা পর্যন্ত পরিবহন চলাচলের বিধান আছে। কিন্তু এর বেশি মালবোঝাই ট্রাক চলাচল করায় রাস্তাটি দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাস্তাটি মেরামতের প্রয়োজন হলেও বরাদ্দ না থাকায় কাজ করতে পারছি না।’