শাওন নয় বিচারক রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাভিশনের নাচের প্রতিযোগিতা ‘নাচো বাংলাদেশ নাচো’ অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব নিলেন ফারজানা রিয়া। এরই মধ্যে অনুষ্ঠানটির প্রচার বাংলাভিশনে শুরু হয়েছে। প্রথমদিকে এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানটির বিচারক হিসেবে শিবলী মোহাম্মদ ও চিত্রনায়ক ফেরদৌসের পাশাপাশি অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওনের নাম ঘোষণা করা হয়েছিল। সেভাবেই অনুষ্ঠান কর্তৃপক্ষ প্রচার-প্রচারণাও চালায়। কিন্তু শাওনের স্বামী দেশবরেণ্য নাট্যকার, পরিচালক ও সাহিত্যিক হুমায়ূন আহমেদের অসুস্থতার কারণে তাঁকে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করতে হচ্ছে। আর তাই শাওনের পরিবর্তে এখন রিয়াকে বিচারকের দায়িত্ব দেওয়া হয়েছে।এ ব্যাপারে বাংলাভিশনের অনুষ্ঠানপ্রধান শামীম শাহেদ বলেন, ‘নাচো বাংলাদেশ নাচো অনুষ্ঠানের এখন দ্বিতীয় রাউন্ডের বাছাইপর্ব চলছে। এ মাসের শেষ নাগাদ দেশে ফেরার কথা ছিল শাওনের। কিন্তু হুুমায়ুন স্যারের অসুস্থতার কারণে এ মুহুর্তে তাঁর দেশে ফেরা হচ্ছে না। তাই শাওনের সঙ্গে আলোচনা করেই বিচারক হিসেবে রিয়াকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে শাওন থাকলে আমাদের আরও ভালো লাগতো।’জানা গেছে, পয়লা বৈশাখের দিন রিয়া বিচারক হিসেবে চুক্তি স্বাক্ষর করেন। এরই মধ্যে দুই দিন বিচারক হিসেবে অনুষ্ঠানটির শুটিংও করেছেন রিয়া।রিয়া জানান, ‘বিচারক হিসেবে কোনো অনুষ্ঠানের দায়িত্ব পালন এটিই আমার জন্য প্রথম। একেবারে নতুন অভিজ্ঞতা। বিচারকের কাজটি করার মাধ্যমে পুরো বাংলাদেশের নাচের চিত্রটাও দেখতে পারছি। বিচারকের দায়িত্বটা আসলেও কঠিন। আশা করছি, নাচো বাংলাদেশ নাচো অনুষ্ঠানের আমরা ভালো কয়েকজন নৃত্যশিল্পী পাব।’উল্লেখ্য, ছোট পর্দার জনপ্রিয় নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী রিয়া দীর্ঘদিন ধরে মিডিয়ায় অনিয়মিত। মাঝেমধ্যে দু-একটি নাটক বা বিজ্ঞাপনে কাজ করতেন। তিন বছর প্রবাসে কাটানোর পর এখন স্থায়ীভাবে দেশে থাকছেন। দেশে ফেরার পর মিডিয়ায় নিয়মিতভাবে কাজ করার ঘোষণা দেন এবং একাধিক নাটকেও অভিনয় করেছেন। পাশাপাশি রূপচর্চাবিষয়ক একটি অনুষ্ঠানের উপস্থাপনার কাজও করছেন।নাচো বাংলাদেশ নাচো অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রতি মঙ্গল ও বুধবার রাত নয়টা পাঁচ মিনিটে দেখানো হচ্ছে।