শাওয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে আজ বৃহস্পতিবার কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সে জন্য কাল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে না। আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় শেষ জানানো হয়, দেশের ৬৪ জেলার কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই শনিবার সারা দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদের ছুটির আগে আজ ছিল শেষ কর্মদিবস। সচিবালয়ে মন্ত্রীদের উপস্থিতি থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল কম। যে কারণে সচিবালয় ছিল অনেকটাই ফাঁকা। ব্যাংকগুলোয় টাকা তোলার জন্য ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে ব্যাংক খোলা থাকায় এবার শেষ কর্মদিবসে ব্যাংকের ওপর চাপ ছিল অন্যবারের তুলনায় কম। এ ছাড়া গত কয়েক বছরের মতো এবারও আন্তব্যাংক লেনদেনে কলমানি রেট ১০ শতাংশের বেশি ওঠেনি।আজও বিপুলসংখ্যক লোক রাজধানী ছেড়েছে। সে জন্য ট্রেনে, বাসে ও লঞ্চে ছিল খুব ভিড়। তবে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক বাদে অন্যান্য মহাসড়কে এবার তেমন যানজট হয়নি।