শাকিলা জাফরের অনাগ্রহ
শাকিলা জাফরের সর্বশেষ প্রকাশিত অ্যালবাম ছিল ‘মিষ্টি করে দুষ্টু বলো’। তাও বছর তিনেক আগের কথা। এরপর একে একে বেশ কটি একক আর দ্বৈত অ্যালবামের ঘোষণা এলেও বাস্তবে তাঁর কণ্ঠে নতুন কোনো মৌলিক গান পাওয়া যায়নি। তবে এ বছরের শুরুতে রবীন্দ্রসংগীতের অ্যালবাম ‘লাবণ্যে পুণ্য প্রাণ হে’ প্রকাশ করে ভালোই প্রশংসা পান তিনি। কিন্তু গত তিন বছরে অন্তত তিনটি অ্যালবামের কাজ শুরু করেও শেষ পর্যন্ত একটিও শেষ করতে পারেননি। এ প্রসঙ্গে শাকিলা বলেন, ‘অডিও ইন্ডাস্ট্রি এবং অডিও প্রোডাকশন হাউসগুলোর যে অবস্থা, তাতে এখন আর নতুন করে অ্যালবাম করার আগ্রহ পাই না। তার ওপর সবারই চাহিদা বাণিজ্যিক গান। কিন্তু আমি চাই আমার মতো করে কিছু ভালো গান।’ তিন বছর ধরে সুবীর নন্দীর তত্ত্বাবধানে শাকিলা জাফরের দুটি অ্যালবাম রেকর্ড চলছে। একটি একক, অন্যটি তপন চৌধুরীর সঙ্গে দ্বৈত। এ ছাড়া নকীব খানের সঙ্গে একটি দ্বৈত অ্যালবাম প্রকাশের কথাও ছিল। এটির অবস্থাও আগের দুটির মতোই। শাকিলা জাফর আরও বলেন, ‘এখনো দেশ-বিদেশে প্রচুর শো করছি। সম্প্রতি নেপাল থেকে এলাম। দেশ-বিদেশের অনেক রাষ্ট্রীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছি। সব মিলিয়ে ভক্ত-শ্রোতাদের নতুন অ্যালবাম না দিতে পারলেও গান শোনাচ্ছি নিয়মিত। এটাই এখন আমার জন্য অনেক আনন্দের।’