শাকিলা নন, গাইছেন ফাহমিদা
কণ্ঠশিল্পী শাকিলা জাফর নীলনদের ঠিকানা নাটকে গান গাওয়ার পাশাপাশি অভিনয় করবেন—বিভিন্ন সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছিল। খবরটি সত্য নয়, শাকিলার বক্তব্যসহ এ বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছিল প্রথম আলো অনলাইন। সে সময় প্রথম আলো অনলাইনের সঙ্গে আলাপকালে বিস্ময় প্রকাশ করে শাকিলা জাফর বলেছিলেন, ‘নাটকে অভিনয়ের ব্যাপারে কারও সঙ্গে আমার কোনো ধরনের আলাপ-আলোচনাই হয়নি। এটা পুরোপুরিই মিথ্যা কথা।’শাকিলা আরও বলেছিলেন, ‘আমার জীবনে চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার যত প্রস্তাব এসেছে, তার চেয়ে বেশি এসেছে চলচ্চিত্রে অভিনয়ের। কিন্তু তখনো আমি অভিনয়ের ব্যাপারটি বারবার এড়িয়ে গেছি।’সে সময় নাটকটির পরিচালক সালমান হায়দার সম্পর্কে শাকিলা জাফর এও বলেন, ‘পরিচালকও কিন্তু একজন শিল্পী। একজন শিল্পী হয়ে আরেকজন শিল্পীকে যিনি সম্মান দিতে জানেন না, তাঁর সঙ্গে কোনো ধরনের কাজ করার মানে হয় না। নাটকটির একটি গানে আমার কণ্ঠ দেওয়ার কথা ছিল। ভাবছি এখন আর সেটাও করব না।’নাটকের সেই গানটিতে আর কণ্ঠ দেননি শাকিলা। উজ্জ্বল সিনহার সুরে শাকিলার না গাওয়া গানটিতে এখন কণ্ঠ দিচ্ছেন আরেক কণ্ঠশিল্পী ফাহমিদা নবী।পরিচালক সালমান হায়দারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘শাকিলা আপার (শাকিলা জাফর) কাছ থেকে সবকিছু চূড়ান্ত না করে আমার আসলে এ ধরনের ঘোষণা দেওয়া ঠিক হয়নি। এটা আমার জন্য একটা শিক্ষা হলো।’