শাকিলের নিরাপত্তা আশঙ্কায় আইএসআই
আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনকে খুঁজে পেতে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএকে সহায়তার অভিযোগে কারাবন্দী চিকিত্সক শাকিল আফ্রিদির জীবনের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই।সিআইএকে সহায়তার অভিযোগে ৩৩ বছরের কারাদণ্ডপ্রাপ্ত শাকিল বর্তমানে পেশোয়ারে কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। পাকিস্তানের গোয়েন্দা সূত্র সতর্ক করে বলেছে, শাকিলকে অপহরণ অথবা কোনো কয়েদির সহায়তায় হত্যা করতে তালেবানরা ওই কারাগারে হামলা চালাতে পারে।এদিকে এ কারাদণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা এবং পেশোয়ার কারাগারে সন্ত্রাসী হামলার হুমকির মুখে শাকিলকে বিমানে করে পাঞ্জাব প্রদেশের সুরক্ষিত কারাগারে পাঠানোর পরিকল্পনা করছে দেশটির সরকার।দেশটির একজন কর্মকর্তা জানান, শাকিলকে সরিয়ে নিতে কড়া নিরাপত্তাব্যবস্থার পরিকল্পনা করা হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে কোন সময় তাঁকে সরানো হবে, তা চূড়ান্ত করা হয়নি।পাকিস্তানের গোয়েন্দা সূত্র আরও জানায়, পাকিস্তানি তালেবান বা আল-কায়েদা শাকিলকে অপহরণ বা কারাগারের ভেতরেই অন্য কোনো বন্দীকে দিয়ে হত্যা করতে পারে।