শাখা থেকে সরিয়ে ঋণ উদ্ধারের দায়িত্ব দেওয়া হলো সোনালী ব্যাংকের সেই দুই কর্মকর্তাকে
সোনালী ব্যাংকের রূপসী বাংলা (ঢাকা শেরাটন) শাখার ব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এ কে এম আজিজুর রহমান ও সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সাইফুল হাসানকে শাখা থেকে প্রত্যাহার করা হয়েছে।এই দুই কর্মকর্তাকে দিলকুশায় মহাব্যবস্থাপকের দপ্তরে (জিএম অফিস) সংযুক্ত করে রূপসী বাংলা শাখায় গুরুতর অনিয়ম করে তাঁরা যে ঋণ দিয়েছেন, তা আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সোনালী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে গতকাল রোববার এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়েছে।ব্যাংকিংয়ের সব নিয়মনীতি লঙ্ঘন করে এই দুই কর্মকর্তা রূপসী বাংলা শাখা থেকে দুই হাজার ৬৩৮ কোটি ২১ লাখ টাকার ফান্ডেড ও নন-ফান্ডেড দায় সৃষ্টি করেন। এর মধ্যে এক হাজার ৭৩৫ কোটি ২২ লাখ টাকার ফান্ডেড ঋণ রয়েছে, যা এক সময় নন-ফান্ডেড বা এলসি জাতীয় দায় হিসাবে ব্যাংক গ্রহণ করেছিল। আর এখনো ৯০২ কোটি ৯৯ লাখ টাকার নন-ফান্ডেড দায় রয়েছে, যা যেকোনো সময়ে ফান্ডেড ঋণে পরিণত হতে পারে বলে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক উল্লিখিত এই দুই কর্মকর্তাকে অনতিবিলম্বে শাখার দায়িত্ব থেকে অব্যাহতির নির্দেশ দিয়েছিল।সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে এই দুই কর্মকর্তার যোগসাজশে হলমার্ক নামের এক স্বল্প পরিচিত ব্যবসায়িক গোষ্ঠী স্থানীয় এলসির মাধ্যমে সুতা কিনতে একসেপটেন্স বিল দিয়ে দুই হাজার কোটি টাকার বেশি অর্থ বের করে নেয়। এ বিষয়ে ২৪ মে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সূত্র জানায়, প্রতিবেদনটি প্রকাশের পর রাতে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের জরুরি বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় এই দুই কর্মকর্তাকে জিএম অফিসে এনে ঋণ আদায়ের দায়িত্ব দেওয়ার। সেই সিদ্ধান্তের আলোকে গতকাল অফিস আদেশ জারি হয়েছে।রূপসী বাংলা শাখায় নতুন ব্যবস্থাপকের দায়িত্ব দেওয়া হয়েছে রমনা প্রিন্সিপাল অফিসের উপমহাব্যবস্থাপক আবুল হাসেমকে। আর সহকারী ব্যবস্থাপক হিসেবে স্থানীয় কার্যালয়ের এজিএম স্বপন কুমার ঘোষকে নিয়োগ দেওয়া হয়েছে।