শাখা বরাক নামেই নদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট খাল দিয়ে ক্ষীণ একটি জলের ধারা বইছে। স্রোত আছে বলে সহসা মনেই হয় না। জলের ধারার পাশেই ভরাট হয়ে ওঠা জমি। ওই জমিতে ঘাস, গাছপালা ও কিছু ঘরবাড়ি। এই খাল দেখে মনেই হয় না একদিন এখানে একটি বড় নদী ছিল। মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ও মনুমুখ ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া খালে পরিণত শাখা বরাক এখন কোনো রকমে নাম নিয়েই টিকে আছে। খলিলপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের আবদুল খালিক (৫৮) প্রথম আলোকে বলেন, শাখা বরাক ১০০ থেকে ১৫০ হাত চওড়া ছিল। নদী দিয়ে শত শত নৌকা চলেছে। বিশাল বিশাল বাঁশের চাইল ভৈরব, আশুগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় গেছে। এখন তো নদী মাত্র কয়েক হাত হয়ে গেছে। নদী এখন এতটা ভরাট হয়ে গেছে যে বৃষ্টি হলেই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই।খলিলপুর ইউনিয়নের বাঘারাই গ্রামের আবদুস শহীদ (৭৮) বলেন, ‘শাখা বরাক বড় নদী ছিল। নদী দিয়ে ৫০০ মণের নৌকা গেছে। এখন তো নদীর মাঝে ঘরবাড়ি হয়ে গেছে।’ খলিলপুর ইউনিয়নের শামসুল হক (৫৫) প্রথম আলোকে বলেন, ‘আগে নদী দিয়ে লঞ্চ আইতো। চৈত্র মাস পর্যন্ত পানি থাকত।’ তিনি নাসিরপুর এলাকায় নদীর একটি অংশ দেখিয়ে বলেন, ‘এখানে বিরাট ডহর ছিল।’ নাসিরপুরের জাবেদ মিয়া (২৪) অনেকটা রসিকতা করেই বললেন, ‘এলাকার মানুষ সব সময় খাল খনন করার দাবি করি আইরা। আমার জন্মের আগ থাকিই শুনছি খাল খনন করা অইব।’ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃষ্টি বন্ধ হয়ে গেলে নদী শুকিয়ে যাবে। নদীর দুপাশে হাজার হাজার একর জমি। পানির অভাবে সেই জমি পতিত পড়ে থাকে। যদি শাখা বরাকে পানি থাকত, তাহলে এলাকার লোকজন সেই জমিতে বোরো ধানের চাষ করতে পারতেন।খলিলপুর ইউনিয়ন পরিষদের সদস্য কামরুজ্জামান বলেন, ‘শাখা বরাক ভরাট হয়ে গেছে। অনেকে বাড়িঘর বান্ধি লাইছে। আমরা কতবার যে ইউএনও তহশিলদারের কাছে বাড়িঘর উচ্ছেদ করার লাগি দরখাস্ত দিছি। কিচ্ছুই অর না।’ মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা তানজিয়া প্রথম আলোকে বলেন, ‘খালটি ভরাট হয়ে গেছে। আমরা খালটি পুনরুদ্ধারের জন্য গত মে মাসে প্রায় ২৫টি পরিবারকে নোটিশ করেছি তাদের সব স্থাপনা সরিয়ে নিতে, তারা কিছুটা সময় চেয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী এম আমিনুল হক প্রথম আলোকে বলেছেন, শাখা বরাক নিয়ে পাউবোর একটি প্রকল্প আছে। ওয়ামিপ (ওয়াটার ম্যানেজমেন্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) বড় একটি প্রকল্প। সারা দেশে এই প্রকল্পের মাধ্যমে অনেক কাজ হবে। এতে শাখা বরাকও ধরা আছে।