শাজাহান খান এজেন্ডা নিয়ে এসেছিলেন: যোগাযোগমন্ত্রী
জ্বালানির দাম বাড়ানোর পর যানবাহনের ভাড়া বাড়ানোর বিষয়ে আজ রোববার বিকেলে সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন দুপুরে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।এর আগে সকালে মন্ত্রীর সঙ্গে যোগাযোগ মন্ত্রণালয়ে বৈঠক করেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ প্রমুখ।তাঁরা কেন দেখা করতে এসেছিলেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, ‘শাজাহান খান নিজস্ব এজেন্ডা নিয়ে এসেছিলেন।’ বৈঠকে পরিবহনের মালিক ও শ্রমিকদের দাবি নিয়ে আলোচনা হয়।যানবাহনের ভাড়া বাড়লে ভোগান্তিতে পড়েন ভোক্তারা। সে ক্ষেত্রে ভোক্তাদের সঙ্গে বৈঠক না করে কেন শুধু পরিবহনের মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করা হলো—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিকেলের বৈঠকে ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করে এমন সংগঠনের নেতাদের ডাকা হবে।বিকেলের বৈঠকে পরিবহনের মালিকদের স্বার্থই দেখা হবে কি না, এমন প্রশ্নের জবাবে আবুল হোসেন বলেন, ‘মালিকদের স্বার্থ কেন? আমি তো ভোক্তা। আমি ভোক্তাদের সঙ্গে আছি।’