চট্টগ্রাম শহর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শাটল ট্রেন চালানোর কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে আজ শনিবারও ক্যাম্পাস পরিস্থিতি স্বাভাবিক হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইতিমধ্যে ছাত্রদের ছয়টি ও ছাত্রীদের তিনটি আবাসিক হল এবং ৪৮টি কটেজের প্রায় প্রায় পাঁচ হাজার ছাত্রছাত্রীর বেশির ভাগই ক্যাম্পাস ছেড়ে চলে গেছেন। ছাত্রলীগের অবরোধের কারণে গত সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের কোনো বাস-ট্রেন চলাচল করেনি। ক্লাস ও পরীক্ষাও হয়নি। শুক্রবার এক দিন ছুটির পর আজ শনিবার আবার বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা শুরুর কথা। কিন্তু ছাত্রলীগ আসাদুজ্জামান হত্যাকারীদের গ্রেপ্তার ও উপাচার্যের পদত্যাগের দাবিতে লাগাতার অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। একই দাবিতে তারা গতকাল জুমার নামাজের পর শহরে কাফনের কাপড় মাথায় বেঁধে মিছিল করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. জসিম উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘রেলওয়ে কর্তৃপক্ষ শাটল ট্রেন না চালালে আমরা কী করতে পারি। বিকল্প ব্যবস্থায় বাসে করে শিক্ষার্থীদের ক্যাম্পাসে চলাচলের ব্যবস্থা নিয়েছি।’ রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. নুরুল আমিন বলেন, ‘আমরা ট্রেন চালালে নিরাপত্তা দেবে কে? পুলিশ পাহারায় ট্রেন চালানোর সময় ছাত্ররা চালককে অপহরণ করেছেন। কর্তৃপক্ষ ছাত্রদের সঙ্গে বসে সব ঠিক করার আগ পর্যন্ত ট্রেন চালানো সম্ভব নয়।’ ট্রেনচালকদের পক্ষ থেকে তাদের সমিতি ‘বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক-কর্মচারী সমিতি’ গত বৃহস্পতিবার রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের কাছে চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয় শাটল ট্রেন পরিচালনা আপাতত বন্ধের সুপারিশ করে। চিঠিতে বলা হয়, অবনতিশীল এই পরিস্থিতিতে ট্রেন চালু রাখা হলে জানমালের ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে। সমিতির সাধারণ সম্পাদক মো. আলী বলেন, ‘এ পরিস্থিতিতে কোনো লোকোমাস্টার (চালক) শাটল ট্রেন চালানোর পক্ষে নেই।’ বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চালানোর বিষয় নিয়ে গতকাল শুক্রবার দুপুরে রেলের পূর্বাঞ্চলীয় বিভাগীয় রেল-ব্যবস্থাপক (ডিআরএম) ইব্রাহিম খলিলের দপ্তরে রেল-পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক বৈঠক ডাকা হয়। বৈঠকে বিশ্ববিদ্যালয় প্রক্টরের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি বৈঠকে ছিলেন না। ফলে রেল কর্তৃপক্ষ ও পুলিশ কর্মকর্তারা আলোচনা করে ট্রেন চালানোর সিদ্ধান্ত কেন্দ্রীয় রেল ভবন থেকে নেওয়ার ব্যাপারে একমত হন। বৈঠকে উপস্থিত রেলওয়ে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, প্রক্টর বৈঠকে এলে বিশ্ববিদ্যালয়ের মনোভাব জেনে ব্যবস্থা নেওয়া যেত। তিনি না আসায় সেটা সম্ভব হয়নি। প্রক্টর জসিম উদ্দীন বলেন, ‘রেল কর্তৃপক্ষ বৈঠকের কথা জানালেও আমাকে সময় জানায়নি।’ কাফনের কাপড় বেঁধে মিছিল: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে সাধারণ ছাত্র ও রাজবাড়ী ছাত্র কল্যাণ পরিষদের ব্যানারে গতকাল শুক্রবার দুপুরে নগরে মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলকারীরা উপাচার্য আবু ইউসুফের বিরুদ্ধে ছাত্রদের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ আনেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ে চলমান বাংলাদেশ ছাত্রলীগের লাগাতার অবরোধ সফল করারও আহ্বান জানান। মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রী পরিষদের আহ্বায়ক প্রণব মজুমদার, বিবিএ অ্যাকাউন্টিং বিভাগের ছাত্র মাহফুজুর রহমান এবং রাজবাড়ী ছাত্রকল্যাণ পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে লিটন মিত্র। তাঁরা তিনজনই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানান। দুপুর দুইটার দিকে জামায়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। মিছিল আসকার দীঘিরপাড় হয়ে জামালখান ঘুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘সাধারণ ছাত্রছাত্রীরা উপাচার্যকে প্রত্যাখ্যান করে স্বেচ্ছায় ক্লাস বর্জন করছেন। এ অবস্থায় তিনি পদত্যাগ না করা পর্যন্ত লাগাতার অবরোধ চলবে।’ তিনি জানান, উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন কর্মসূচিও ঘোষণা করা হবে। গত ১৫ এপ্রিল রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলস্টেশনের কাছে সন্ত্রাসীদের হামলায় ছাত্রলীগের কর্মী ও বিবিএ অ্যাকাউন্টিং বিভাগের ছাত্র মো. আসাদুজ্জামান গুরুতর আহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তিনি মারা যান। তাঁর বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার ভিটি গ্রামে। এ হত্যাকাণ্ডের ঘটনায় উপাচার্য ও প্রক্টরের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করে।