শাটল ট্রেনের চালক আহত, পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ চলছে। সকালে কর্মসূচি পালনকালে সংগঠনটির কর্মীরা একটি শাটল ট্রেন ভাঙচুর করেন। এতে ট্রেনটির চালক আহত হন এবং ট্রেনের ইঞ্জিন-কক্ষের কয়েকটি কাচ ভেঙে যায়। এরপর থেকে শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজকের নির্ধারিত সব পরীক্ষা স্থগিত করেছে।জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মো. আলাউদ্দিন ও প্রক্টর আকতার হোসেনের পদত্যাগের দাবিতে ছাত্রলীগ গতকাল রোববার থেকে অনির্দিষ্টকালের অবরোধ আহ্বান করে। এই কর্মসূচি চলাকালে ছাত্রলীগের কর্মীরা আজ সকাল পৌনে আটটার দিকে বিশ্ববিদ্যালয়গামী একটি শাটল ট্রেনের ইঞ্জিন লক্ষ করে পাথর ছোড়েন। এতে চালক উত্তম কুমার ভট্টাচার্য (৪০) আহত হন এবং ট্রেনের কয়েকটি কাচ ভেঙে যায়। চালকেরা নিরাপত্তার দাবিতে ট্রেন চলাচল বন্ধ রেখেছেন।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।’বিশ্ববিদ্যালয় পরিবহন দপ্তরের পরিচালক মো. ফরহাদ হোসেন খান জানান, অবরোধকারীরা সকাল আটটার দিকে নগরের নিউমার্কেট মোড় ও টাইগার পাস মোড়ে বিশ্ববিদ্যালয়ের দুটি শিক্ষকবাসও ভাঙচুর করেন।বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মী মামনুল হক জানান, ‘প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদে এবং ভারপ্রাপ্ত উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। দাবি না মানা পর্যন্ত এই কর্মসূচি অনির্দিষ্টকাল চলবে।’প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য, সব ডিন ও হলের প্রভোস্টরা প্রক্টোরিয়াল বডির সদস্যদের সঙ্গে বৈঠক করছেন।