চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনের বগিভিত্তিক তিনটি সংগঠনের কর্মীদের মধ্যে আজ বুধবার দুই দফা সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে তিনজন ছাত্র আহত হয়েছেন। এ ঘটনায় ক্যাম্পাস থেকে রাকিবুল হাসান নামের একজনকে চাপাতিসহ আটক করা হয়েছে।আহত তিনজন ছাত্র হলেন লোকপ্রশাসন বিভাগের শাহরিয়ার কনক, ব্যবস্থাপনা বিভাগের ইশতিয়াক হোসেন ও সমাজতত্ত্ব বিভাগের জায়াদ গালিব। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ছাত্ররা বগিভিত্তিক সংগঠন কনকর্ডের কর্মী।পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে বিকেল চারটার দিকে ষোলশহর রেলস্টেশন চত্বরে বগিভিত্তিক সংগঠন কনকর্ড ও ড্রিম বয়েজের সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনার দেড় ঘণ্টা পর রিকশাভাড়া নিয়ে বিতর্কের জের ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রেলস্টেশনে সিএসজি ও ড্রিম বয়েজের সদস্যদের মধ্যে আবার সংঘর্ষ হয়। পৃথক দুটি ঘটনায় তিনজন ছাত্র আহত হন।অভিযোগ পাওয়া গেছে, সংঘর্ষে জড়িত ব্যক্তিরা ছাত্রলীগের কর্মী। তবে ক্যাম্পাস ছাত্রলীগের সহসভাপতি আনিসুজ্জামান প্রথম আলোর কাছে দাবি করেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আকতার হোসেন বলেন, যারা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে প্রক্রিয়া চলছে বলে তিনি জানান। বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন বলেন, রিকশাভাড়া নিয়ে ক্যাম্পাসে সংঘর্ষের সূত্রপাত। এ ঘটনায় চাপাতিসহ একজনকে আটক করা হয়েছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।