শান্ত মেলায় শিশুদের রাজত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যে কবিতা শুনতে জানে না/ সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না/ যে কবিতা শুনতে জানে না/ সে সূর্যকে হূৎপিণ্ডে ধরে রাখতে পারে না’—গতকাল বিকেলে টিএসসির মোড় পেরিয়ে বইমেলায় ঢোকার মুখে কানে ভেসে আসছিল আবু জাফর ওবায়দুল্লাহর ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার চরণগুলো। সোহরাওয়ার্দী উদ্যানের পাশ দিয়ে মেলায় ঢোকার আগ পর্যন্ত বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের স্টল থেকে শোনা যাচ্ছিল এমনই একের পর এক কবিতা। মেলায় আসা ব্যক্তিদের জন্য এ যেন ছিল এক বাড়তি বিনোদন।মেলার দ্বার অবশ্য খুলেছিল সকালেই। দিনটি ছিল বিশেষ করে শিশুদের। মেলার শুরুতে তাই অভিভাবকদের হাত ধরা শিশুদের উপস্থিতিই ছিল তুলনামূলক বেশি। নির্বিঘ্নে মেলায় ঘুরেফিরে পছন্দের বই কিনছিল খুদে পাঠকেরা।তবে ফাল্গুনের এ বিকেলে অমর একুশে গ্রন্থমেলায় মানুষের ঢল ছিল না। একুশে ফেব্রুয়ারি পেরিয়ে আসা মেলা যেন কিছুটা থমকে গেছে। অন্তত গতকাল দুপুর থেকে যাঁরা মেলায় ছিলেন, তাঁরা নিশ্চয়ই এ ব্যাপারে একমত হবেন। তবে ভিড় কমতে থাকায় এখন নির্দিষ্ট করে কেনার লক্ষ্য নিয়েই অনেক বইপ্রেমী আসছেন পরিবার-পরিজনসহ। এবং এ কারণেই মেলায় বিক্রি বেড়েছে। আর সে ক্ষেত্রে শিশু-কিশোরদের বইয়ের কাটতিই বেশি। গতকাল বুধবার মেলায় উপস্থিত কয়েকজন প্রকাশকের সঙ্গে কথা বললে তাঁরা প্রত্যেকেই বললেন, বাংলা একাডেমী আয়োজিত এ বইমেলার রীতিই এটা। অভিজ্ঞ প্রকাশকমাত্রই কেনাবেচার এ রীতিটা জানেন। ফলে শেষ বেলার মেলায় ব্যাপক হারে আসছে শিশুতোষ বই।গতকাল বুধবার ছিল মেলার ‘শিশু প্রহরের’ শেষ দিন। তবে রাজধানীর সব স্কুল খোলা থাকায় শিশুদের উপস্থিতির হার নিয়ে আগে থেকেই সন্দিহান ছিলেন প্রকাশকেরা, হয়েছেও তা-ই। বিদ্যালয়ের পাট চুকিয়ে মেলায় আসা হয়নি অনেক শিশুরই। প্রকাশকেরা বললেন, স্কুল খোলার দিন শিশু প্রহর ঘোষণা নিছক ঘোষণার জন্যই। ঐতিহ্যের আরিফুর রহমান বলেন, ‘এসব দিন না করে বিদ্যালয় বন্ধের দিন শিশু প্রহর ঘোষণা করা উচিত ছিল কর্তৃপক্ষের। ভবিষ্যতে এ নিয়ে ভাবা প্রয়োজন।’ক্রেতার কিছু ভিড় থাকলেও মেলাকেন্দ্রিক আড্ডা একটু কমে এসেছে বলে মনে হলো গতকাল। তবে আগের মতোই আছে জনপ্রিয় লেখকদের বইয়ের জন্য ভিড়।নতুন বই: বাংলা একাডেমীর জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে, গতকাল মেলায় বই এসেছে ১০২টি। এর মধ্যে গল্প ১৮, উপন্যাস ১২, প্রবন্ধ ১১ ও কবিতার বই ২৯টি। গতকাল বাংলা একাডেমী প্রকাশ করেছে মুহাম্মদ হাবিবুর রহমানের টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি স্পিকস ফর অল ল্যাঙ্গুয়েজেস বইটি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা একাডেমী এই ভাষাবিষয়ক কবিতার বই প্রকাশের উদ্যোগ নিয়েছে বলে জানান মহাপরিচালক শামসুজ্জামান খান। এতে আছে ৫৭টি দেশের কবিদের ভাষা নিয়ে লেখা কবিতা। সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমান বইটি সংকলন করেছেন। প্রথমা প্রকাশন এনেছে মালেকা বেগমের ইলা মিত্র: নাচোলের তেভাগা আন্দোলনের নেত্রী। আজ মেলায় প্রকাশিত অন্য বইগুলো হচ্ছে: আগামী প্রকাশনী থেকে ফরিদ কবিরের ওঁ প্রকৃতি ওঁ প্রেম, অবসর থেকে বরেন চক্রবর্তীর নেভা পাড়ের মেয়ে, শ্রাবণ থেকে আনু মুহাম্মদের বিশ্বায়নের বৈপরীত, বিজয় থেকে শামসুজ্জামান খানের সূর্যমুখী, বিদ্যা থেকে আনোয়ারা সৈয়দ হকের উপন্যাস সমগ্র, বিভাস থেকে শিরীন বকুলের কোথা পেলে এত রঙ, অন্যপ্রকাশ থেকে মহাদেব সাহার আমার মুজিব, চিত্রা থেকে রবিউল হুসাইনের আরও উনতিরিশটি চাঁদ, জনতা থেকে অধ্যাপক জাকির হোসেনের মানুষ হওয়ার গল্প, পাঠক সমাবেশ থেকে আকবর আলি খানের অন্ধকারের উৎস হতে, অনন্যা থেকে সারওয়ার-উল-ইসলামের বখাটে, কাশবন থেকে মো. আবদুল জলিলের যে কথা আজও বলা হয়নি ।মূল মঞ্চে যাত্রা: বিকেলে মেলার মঞ্চে আলোচনায় ভিড় ছিল না মোটেই। মেলার মূল মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে ‘বৌদ্ধকাহিনী ও রবীন্দ্রনাথ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক জুলফিকার মতিন। অনুষ্ঠানে আলোচনা করেন বিপ্রদাশ বড়ুয়া, বিপ্লব বালা এবং বাংলা একাডেমীর উপপরিচালক তপন বাগচী। সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান।প্রবন্ধে জুলফিকার মতিন বলেন, বৌদ্ধকাহিনি নিয়ে রবীন্দ্রনাথের লেখা কবিতাগুলোর একটি গভীর তাৎপর্য আছে। সভাপতির বক্তব্যে মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, বৌদ্ধধর্মের করুণা-প্রেম-মৈত্রী ও মানবতাবোধ বহু লোককে আকৃষ্ট করেছে। তাই বিশ্বের বহু জায়গায় নতুন করে বৌদ্ধপল্লি গড়ে উঠেছে। জীবনের শেষ দিন পর্যন্ত রবীন্দ্রনাথের বৌদ্ধধর্মের দর্শনের প্রতি প্রবল আকর্ষণ ছিল। রবীন্দ্রদর্শনে তাই বৌদ্ধধর্মের নানা দিক প্রতিফলিত হয়।সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি করেন শিল্পী বেলায়েত হোসেন ও আসলাম শিহির। দলীয় আবৃত্তি পরিবেশন করে সংস্কৃতি বিকাশ কেন্দ্র। তবে সবচেয়ে বড় আকর্ষণ ছিল যাত্রাপালা। রবীন্দ্রনাথের ‘সামান্য ক্ষতি’ কবিতা অবলম্বনে যাত্রাপালা সতী করুণাময়ী মঞ্চস্থ করে মানিকগঞ্জের লোকনাট্য গোষ্ঠী।